ভেঙ্কটেশ বলেন, “সুনীলের ফিরে আসা ভারতীয় ফুটবলের পক্ষে খারাপ খবর। এর ফলে তরুণ ফুটবলাররা হতাশ হবে। আমি সুনীলকে দোষ দিচ্ছি না। সে বড়জোর এক-দু’টি ম্যাচ খেলবে। কিন্তু সুনীলের পরিবর্তে তরুণ কাউকে দলে নিলে সে আরও দশ বছর খেলবে।”
.png.webp)
ভেঙ্কটেশ সন্মুগম
শেষ আপডেট: 28 May 2025 17:43
দ্য ওয়াল ব্যুরো: ২০০৫ সাল। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক তখন ভেঙ্কটেশ সন্মুগম (Venkatesh Shanmugam) আর সুনীল ছেত্রী (Sunil Chhetri) তখন সবে আলো ছড়াতে শুরু করেছেন, বয়স মাত্র ২০। ভেঙ্কটেশ তখন একজন সিনিয়র খেলোয়াড়কে অনুরোধ করে জাতীয় দল থেকে সরে দাঁড়াতে বলেন, যাতে সুনীল ছেত্রী সুযোগ পান। সেটা ছিল অধিনায়ক হিসাবে ভেঙ্কটেশের একটি সাহসী সিদ্ধান্ত।
এবার সেই ভেঙ্কটেশই সুনীলের প্রত্যাবর্তন (Come Back) নিয়ে গভীর হতাশা প্রকাশ করলেন। একদিন যাঁর জন্য দরজা খুলে দিয়েছিলেন তাঁর অবসরের পরেও ফিরে আসা প্রসঙ্গে এই প্রাক্তন ফুটবলারের অভিমত, ভারতীয় ফুটবল কেন সেই পথে হাঁটছে না যা তিনি ২০ বছর আগে করেছিলেন। সুনীল ফিরে আসায় নতুন ফুটবলাররা উঠে আসতে পারছেন না বলে অভিমত এই প্রাক্তন ভারতীয় মিডফিল্ডারের।
এফসি মাদ্রাসের টেকনিক্যাল ডিরেক্টর ভেঙ্কটেশ টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, “দুই যুগ আগে আমি এক সিনিয়র ফুটবলারকে বলেছিলাম, বুট জোড়া তুলে রাখ, তাহলে তরুণ প্রতিভা সুনীল ছেত্রীর পথ প্রশস্ত হবে।” এখানেই থামেননি প্রাক্তন এই তারকা ফুটবলার। তিনি মনে করছেন, সুনীলের ফিরে আসা ভারতীয় ফুটবলের ক্ষেত্রে খারাপ খবর (Bad News for Indian Football)। ভেঙ্কটেশ বলেন, “সুনীলের ফিরে আসা ভারতীয় ফুটবলের পক্ষে খারাপ খবর। এর ফলে তরুণ ফুটবলাররা হতাশ হবে। আমি সুনীলকে দোষ দিচ্ছি না। সে বড়জোর এক-দু’টি ম্যাচ খেলবে। কিন্তু সুনীলের পরিবর্তে তরুণ কাউকে দলে নিলে সে আরও দশ বছর খেলবে।”
হতাশ ভেঙ্কটেশ আরও বলেন, “পরোক্ষভাবে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি যে, আমাদের কাছে আর কোনও খেলোয়াড় নেই। আমরা কিন্তু দেখছি, প্রচুর তৃণমূল স্তরের কর্মসূচি নেওয়া হয়েছে। হচ্ছে অনেক টুর্নামেন্টও। তাও আমরা নির্ভর করে আছি ৪০ বছরের এক ফুটবলারের উপর। ২০ বছর পিছনে তাকান। আমরা কিন্তু এরকমটা করেছিলাম।”