
বাগান অধিনায়ক শুভাশিস বসু
শেষ আপডেট: 17 January 2025 20:18
দ্য ওয়াল ব্যুরো : ইতিমধ্যে জমে উঠেছে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জামশেদপুর এফসি ম্যাচ। প্রথম লেগে জামশেদপুরকে ৩-০ গোলে হারতে হয়েছিল। দ্বিতীয় লেগের ম্যাচেও এগিয়ে গেল বাগান ব্রিগেড। মেরিনার্সদের হয়ে প্রথম গোলটি করলেন অধিনায়ক শুভাশিস বসু।
ম্যাচের ২৬ মিনিটে মোহনবাগানের ঝুলিতে প্রথম গোলটা আসে। সেট পিস থেকে আক্রমণ শানায় বাগান ব্রিগেড। টম অলড্রেডের থেকে বলটা যায় শুভাশিসের কাছে। মেরিনার্স অধিনায়ক একেবারে গোল লাইনের পাশেই দাঁড়িয়েছিলেন। যেন জানতেনই যে বলটা তাঁর কাছেই আসবে। এলও বলটা। এরপর ছোট্ট একটা ব্যাক হিলে বলটা তিনি জামশেদপুরের জালে জড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে বাগান সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে।
এই ম্যাচের শুরু থেকেই মোহনবাগান আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে। বেশ কয়েকটা সুযোগও তারা তৈরি করেছিল। সেগুলো কাজে লাগাতে পারলে, ফলাফল এতক্ষণে আলাদা হতে পারত। এক্ষেত্রে লিস্টন কোলাসোর কথা আলাদা করে উল্লেখ করতেই হবে। ম্যাচের ৪০ মিনিটে তিনি কার্যত ফাঁকা গোল পেয়েও স্কোরকার্ড বদলাতে পারেননি।
বর্তমানে জামশেদপুর ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্ট ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষ স্থানে দাঁড়িয়ে রয়েছে। ফলে ক্লাসের ফার্স্ট এবং ফোর্থ বয়ের মধ্যে যে লড়াইটা চলছে তা বলা যেতেই পারে। শেষপর্যন্ত এই লিড মোহনবাগান ধরে রাখতে পারে কি না, সেটাই আপাতত দেখার।