খাস রোনাল্ডো-অনুরাগীরা এতশত হিসেবের ধার ধারতে নারাজ। তাঁরা স্মৃতির অতলে ডুব দিয়েছেন। ফিরে এসেছে ২০১৬ সালের এক বিকেল। মাদ্রিদের গুচ্চি স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন জর্জিনা।

রোনাল্ডো-জর্জিনা
শেষ আপডেট: 12 August 2025 10:22
দ্য ওয়াল ব্যুরো: লম্বা কেরিয়ারে গোল করেছেন বেশি৷ অ্যাসিস্ট বাড়িয়েছেন তুলনায় অনেক কম।
জীবনের ময়দানে যদিও হিসেবটা পালটে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। দীর্ঘদিনের সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজকে (Georgina Rodriguez) বিবাহপ্রস্তাব দিলেন নিজে থেকে, যেচে। একসঙ্গে কাটানো আট বছর। পাঁচ সন্তানের অভিভাবকত্ব। সাফল্য, শোক, স্মৃতি—সব পেরিয়ে অবশেষে আনুষ্ঠানিক বাগদান (Cristiano Ronaldo Engagement)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর জর্জিনা রদ্রিগেজের প্রেমের গল্পে এবার জুড়ে গেল নয়া অধ্যায়।
সুসংবাদ জানালেন জর্জিনা নিজেই। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা গেল, সদ্য ম্যানিকিওর করা আঙুলে ঝলমল করছে বিশাল এক হিরের আংটি। তার উপর রাখা রোনাল্ডোর হাত। আর কোনও ধোঁয়াশা, কোনও লুকোছাপা নয়। ক্যাপশনে স্পষ্ট ঘোষণা—’হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার সমস্ত জন্মে।’
ওভাল-কাট আংটি, দু’পাশে বসানো দুটি বড় হিরে। গয়নার দুনিয়ায় এমন নকশা সাধারণত রাজকীয় সংগ্রহে দেখা যায়। দাম কত? মার্কিন পেজ সিক্সের হিসেবে মূল্য ২০ থেকে ৫০ লক্ষ মার্কিন ডলারের মধ্যে। রেয়ার ক্যারাটের সিইও অজয় আনন্দ মনে করছেন, মূল হিরেটি ‘ডি কালার’ ও নিখুঁত স্বচ্ছ, ওজন ৩০ ক্যারাটের বেশি। সবমিলিয়ে দাম ৫০ লক্ষ ডলার পর্যন্ত উঠতে পারে।
লরেল ডায়মন্ডসের বিশেষজ্ঞ লরা টেলরের অনুমান, ১৫ থেকে ২০ ক্যারাট ওজনের ওই পাথরের বাজারমূল্য অন্তত ২০ লক্ষ ডলার। তাঁর বক্তব্য, ‘মূল হিরের দুই পাশে বড়সড় সাইড স্টোন বসানো, যা পাথরটিকে আরও নজরকাড়া করে তুলেছে। সম্ভবত এটি প্লাটিনাম দিয়ে বাঁধানো, নিরাপত্তার জন্য।’
যদিও খাস রোনাল্ডো-অনুরাগীরা এতশত হিসেবের ধার ধারতে নারাজ। তাঁরা স্মৃতির অতলে ডুব দিয়েছেন। ফিরে এসেছে ২০১৬ সালের এক বিকেল। মাদ্রিদের গুচ্চি স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন জর্জিনা। জিনিস কিনতে পা রাখলেন অন্যতম সেরা ফুটবলার। সেখানেই প্রথম দেখা।
পরে জর্জিনার নেটফ্লিক্স সিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-য় দু’জনেই শুরুর দিনের কথা খুলে বলেন। রোনাল্ডোর ভাষায়, জর্জিনা ‘খুবই আকর্ষণীয় মেয়ে, বয়সের তুলনায় অনেক বেশি পরিণত।’ অন্যদিকে জর্জিনার স্মৃতিচারণ, ‘অনেক সময়ই ও কাজের পর আসত। একদিন মনে আছে, বুগাত্তি চেপে এসেছিল। আমার সহকর্মীরা দেখেই পাগল। তারা বাসে আসে। আর আমি বুগাত্তিতে করে বেরোচ্ছি। মানুষ বিশ্বাসই করত না।’ মুখের কথা কেড়ে নিয়ে রোনাল্ডো যোগ যোগ করেন, ‘মজাই লাগত। কারণ আমি ওকে স্টোরের বাইরে অপেক্ষা করতাম আমার রংচঙে গাড়ি নিয়ে। তারপর আমরা বাড়ি যেতাম, আর ঢুকে পড়তাম আমাদের নিজের জগতে।’
আজ তাঁদের পাঁচ সন্তান—ক্রিশ্চিয়ানো জুনিয়র, যমজ এভা ও মাতেও, আলানা এবং বেলা। ২০২২ সালের এপ্রিলে হারান নবজাতক অ্যাঞ্জেলকে। তবু জীবনের গতি থামেনি। বাগদানের ঘোষণায় রোনাল্ডো-জর্জিনার জীবনের একটা অঙ্ক যেন পূর্ণতা পেল।