গতকাল ভাস্কোর হয়ে ফিলিপ কুতিনহো দুটি গোল করেন। এতেই বেসামাল সান্তোসের রক্ষণ ঝুরঝুর করে ভেঙে পড়ে। রেফারির শেষ বাঁশি বাজতেই হতাশায় মাঠে বসে পড়েন নেইমার।

নেইমার
শেষ আপডেট: 18 August 2025 18:08
দ্য ওয়াল ব্যুরো: তাঁর পায়ের ছন্দে সাম্বার দোলা। ড্রিবলিং দেখে গ্যারিঞ্চার স্মৃতি উসকে ওঠে। ব্রাজিলের জার্সিতে দাপট দেখিয়েছেন। বার্সেলোনার হয়ে শাসন করেছেন ইউরোপ।
সেই নেইমারই (Neymer Jr.) কিনা এবার চোখের জলে (Neymer in Tears) মাঠ ছাড়লেন। ম্যাচ শেষে ক্ষোভ উগরে দিলেন। একহাত নিলেন সতীর্থদের। ম্যানেজারকেও ছেড়ে কথা বললেন না। নেপথ্যে ঘরের মাঠে ভাস্কো দা গামার কাছে ছ’গোলে লজ্জার হার। যা ঢাকতে কোচ ক্লেবার জাভিয়েরকে বরখাস্ত করল ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু তাতে কি ডামাডোল মেরামত করা যাবে? ব্রাজিলের শতাব্দীপ্রাচীন ক্লাবকে কেন্দ্র করে আপাতত এই প্রশ্নই দানা বেঁধেছে!
১৯ ম্যাচ শেষে সান্তোস অবনমন-অঞ্চলের কাছে ওঠানামা করছে। ২০ দলের শীর্ষ লিগে তারা আপাতত ১৫ নম্বরে, রেলিগেশন-রেখা থেকে মাত্র দু’পয়েন্ট দূরে। চলতি সিজনে এখনও পর্যন্ত তাদের ঝুলিতে মাত্র ৬টি জয়, ৩ ড্র। ১০ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। মোট পয়েন্ট ২১। এই জঘন্য দশা ও কোচ ছাঁটাই নিয়ে ক্লাবের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘জাভিয়েরকে তাঁর অবদানের জন্য ধন্যবাদ। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল!’ গত এপ্রিলেই দায়িত্ব নিয়েছিলেন ক্লেবার জাভিয়ের। অথচ মাত্র চার মাসের মধ্যেই তাঁকে বিদায় নিতে হল।
একদা এই ক্লাবের হয়ে খেলতেন পেলে। এখন দলের ভরসা নেইমার। ইউরোপে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগ-সহ একাধিক বড় শিরোপা জেতা ফুটবলার এই মুহূর্তে এক অদ্ভুত পরিস্থিতিতে। জানুয়ারিতে সৌদি আরব থেকে ফিরে আসেন সান্তোসে। জুনে চুক্তি বাড়িয়ে বছরের শেষ পর্যন্ত থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রত্যাবর্তনে স্বপ্নভঙ্গের ছবিই ধরা পড়ছে ময়দানে।
গতকাল ভাস্কোর হয়ে ফিলিপ কুতিনহো দুটি গোল করেন। এতেই বেসামাল সান্তোসের রক্ষণ ঝুরঝুর করে ভেঙে পড়ে। রেফারির শেষ বাঁশি বাজতেই হতাশায় মাঠে বসে পড়েন নেইমার। সান্তোসের সতীর্থ এসে তাঁকে সান্ত্বনা দেন। কিন্তু ক্ষোভ চেপে রাখতে পারেননি তিনি। সাংবাদিকদের সামনে স্পষ্ট ভাষায় বলে দেন, ‘আমরা ভয়ঙ্কর খারাপ খেলেছি। এটা লজ্জার। সমর্থকেরা আজকে গালি দেবে, অপমান করবে। যা একেবারেই স্বাভাবিক। আমি নিজেও লজ্জিত। জীবনে এমন কিছু আগে কখনও ঘটেনি!’