1.jpg)
কলকাতা ডার্বি ম্য়াচে ফের জয় মোহনবাগানের
শেষ আপডেট: 15 January 2025 16:05
দ্য ওয়াল ব্যুরো : পরপর তিনটে কলকাতা ডার্বিতেই জয়লাভ করল মোহনবাগান ফুটবল দল। প্রথমে অনূর্ধ্ব-১৫। তারপর ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্টের জয়। আর বুধবার অনূর্ধ্ব-১৭ কলকাতা ডার্বিতেও জয়লাভ করল মেরিনার্সরা। আর এই হ্যাটট্রিক জয়ের আনন্দে কার্যত আত্মহারা হয়ে উঠেছে সবুজ-মেরুন ব্রিগেড।
প্রসঙ্গত, বুধবার (১৫ জানুয়ারি) মোহনবাগান নিজেদের মাঠেই খেলতে নেমেছিল। ম্যাচে ৭৯ মিনিটে মেরিনার্সদের হয়ে জয়সূচক গোলটি করেছেন আদিত্য। কর্নার কিক থেকে ভাসানো বল আসে আদিত্যর সামনে। নির্দিষ্ট লক্ষ্যে তিনি শট মারলেও, প্রথমে বলটা ইস্টবেঙ্গলের এক ফুটবলারের গায়ে লাগে। তারপর সেটা দিক-পরিবর্তন করে আচমকাই লাল-হলুদের জালে ঢুকে যায়। এরপর অবশ্য আর কোনও দলই গোলের ব্যবধান বাড়াতে কিংবা কমাতে পারেনি।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ১১ জানুয়ারি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-১৫ দল ডার্বি ম্যাচ খেলতে নেমেছিল। এই ম্য়াচে ইস্টবেঙ্গল গোল করে এগিয়ে গেলেও, সেই লিড তারা ধরে রাখতে পারেনি। মোহনবাগানের হয়ে সমতা ফেরান রাজদীপ পাল। এরপর সংযুক্তি সময়ে তিনিই আরও একটা গোল করে মেরিনার্সদের জয় নিশ্চিত করেন।
ওই একই দিনে আবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আইএসএলের মঞ্চে কলকাতা ডার্বি ম্যাচ আয়োজন করা হয়েছিল। মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। ম্যাচের ২ মিনিটে মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন জেমি ম্যাকলারেন। আর সেইসঙ্গে আইএসএল পয়েন্টস টেবিলে শীর্ষস্থান ধরে রাখে মোহনবাগান।