
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম পঞ্জাব এফসি
শেষ আপডেট: 26 December 2024 20:31
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছে মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি বছর এটাই মেরিনার্সদের শেষ ম্যাচ। এই ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করল সবুজ-মেরুন ব্রিগেড। প্রথম ৪৫ মিনিট শেষে তারা ০-১ গোলে পিছিয়ে রয়েছে।
ম্যাচের ১২ মিনিটে পঞ্জাবকে লিড দিলেন রিকি সবং। লম্বা দৌড়ে তিনি বাগানের বক্সে ঢুকে পড়েন। এক্ষেত্রে সবুজ-মেরুন ডিফেন্ডার আশিস রাইয়ের পারফরম্যান্স নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। বাগানের দুর্বল ডিফেন্সকে চ্যালেঞ্জ জানান পঞ্জাবের এই তরুণ ফুটবলার। একটা লো শট তিনি তেকাঠির দিকে বাড়িয়ে দেন। বলটা ধরার মতো জায়গাতেই ছিলেন না বিশাল কাইথ।
এরপর মোহনবাগানের সামনে বেশ কয়েকটা গোল করার সুযোগ এসেছিল। কিন্তু, তারা কাজে লাগাতে পারেনি। ১৫ মিনিটে মনবীর সিংয়ের একটি শট বাঁচিয়ে দেন পঞ্জাবের গোলরক্ষক রবি কুমার। ইতিমধ্যে লুকা মাজসেনকে ট্যাকল করতে গিয়ে হলুদ কার্ড দেখলেন আপুইয়া। পরের ম্যাচে মলিনা তাঁকে আর দলে পাবেন না।
২৮ মিনিটে বাগানের কাছে আরও একবার সমতা ফেরানোর সুযোগ এসেছিল। মনবীর একটা সুযোগ তৈরি করছিলেন। তিনি বলটা জেমি ম্যাকলারেনের দিকে বাড়ান। জেমি থেকে বলটা যায় জেসন কামিন্সের কাছে। কিন্তু, শেষপর্যন্তে পঞ্জাবের রক্ষণে তা প্রতিহত হয়। রেগুলেশন টাইমের পর আরও ৩ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু, স্কোরকার্ডে মেরিনার্সরা কোনও ইতিবাচক প্রভাব ফেলতে পারেননি। ম্যাচের দ্বিতীয়ার্ধে এই স্কোরবোর্ড কি অন্য কথা বলবে? সেটা দেখার জন্য আরও ৪৫ মিনিট অপেক্ষা করতেই হবে।