
মোহনবাগানের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করলেন হোসে মলিনা
শেষ আপডেট: 21 December 2024 08:59
দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার (২০ ডিসেম্বর) ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে মোহনবাগানকে ২-১ গোলে হারতে হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে দলের পাশেই দাঁড়ালেন হেড কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা। এই লজ্জার হারের পরও তাঁর মুখে মেরিনার্সদের প্রশংসা শুনতে পাওয়া গেল।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে মলিনা বললেন, 'আমাদের দলে একাধিক ভাল ফুটবলার রয়েছে। আমি শুধুমাত্র ১১ জনের কথাই বলছি না। ২৫ জনের মধ্যে ২৫ জনই যথেষ্ট ভাল ফুটবলার। তাঁদের মধ্যে কয়েকজনকে আবার বেঞ্চে বসতে হয়, অপেক্ষা করতে হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলতে নামার জন্য। আমি মনে করি এই অপেক্ষা এবং জেতার খিদে আমাদের দলকে আরও শক্তিশালী করেছে।'
সত্যি কথা বলতে কী, মোহনবাগান সুপার জায়ান্টের ধারাবাহিকতাই এই দলটার আসল প্রাণশক্তি। প্রথম একাদশের ফুটবলাররা চোট পেলেও, হাতে অনেকগুলো বিকল্প অপশন থাকে।
চলতি মরশুমে বাগানের অন্যতম তারকা ফুটবলার হলেন জেমি ম্যাকলারেন। লিগ শুরু হওয়ার প্রায় এক মাস পর তিনি খেলতে নেমেছিলেন। পাশাপাশি গ্রেগ স্টুয়ার্টের অনুপস্থিতিতে দিমিত্রিয়স পেত্রাতোস এবং জেসন কামিন্স দায়িত্ব গ্রহণ করেছেন।
মলিনার কথায়, 'একজন কোচের সবথেকে বড় সমস্যা হল যখন সে বেঞ্চে বসে থাকে, তখন করার মতো কিছুই থাকে না। এটা সত্যিই একটা সমস্যা। কিন্তু, আমাদের দলের ক্ষেত্রে সেটা হয় না।'
তিনি বললেন, 'প্রত্যেক ম্যাচে আমাদের রিজার্ভ বেঞ্চে একাধিক ভাল ফুটবলার বসে থাকে। আমি ওদের অনুপ্রাণিত করার চেষ্টা করি। বলি যে আধুনিক ফুটবলে অনেক সময়ই রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা মাঠে নেমে কাজের কাজটা করে আসে।'