.jpg)
গ্রেগ স্টুয়ার্টের চোট নিয়ে মন্তব্য করলেন দেবাশিস দত্ত
শেষ আপডেট: 23 November 2024 12:56
দ্য ওয়াল ব্যুরো: হাতে বাকি আর মাত্র কয়েকঘণ্টা। তারপরই বড় লড়াইয়ে নামতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ জামশেদপুর এফসি। এই ম্যাচটা জিততে পারলে মেরিনার্সদের সামনে ২০২৪-২৫ আইএসএল পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার সুযোগ রয়েছে।
কিন্তু, এই ম্যাচে অনিশ্চিত মোহনবাগানের স্কটিশ ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। চোটের কারণে হয়ত তিনি খেলতে পারবেন না। শুক্রবার (২২ নভেম্বর) এই ব্যাপারে বাগান সচিব দেবাশিস দত্তকে প্রশ্ন করা হয়েছিল। স্টুয়ার্ট কি আদৌ জামশেদপুরের বিরুদ্ধে খেলতে পারবেন? জবাবে দেবাশিস বললেন, 'গ্রেগ স্টুয়ার্ট খেলবেন কি না, সেটা কোচ ঠিক করবেন। এখানে আমার কিছু বলার নেই। ও অত্যন্ত বড়মাপের একজন ফুটবলার। ও খেললে গোটা দলের পারফরম্য়ান্স আরও দৃষ্টিনন্দন হবে।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমাদের প্রত্য়েকটা প্লেয়ারই বড় প্লেয়ার। গ্রেগ স্টুয়ার্ট না খেললে ওর জায়গায় যে খেলবে, সেও বড় প্লেয়ারই। কিন্তু, গ্রেগ স্টুয়ার্টের খেলার মধ্যে অনেকটাই দৃষ্টিনন্দন ব্যাপার রয়েছে। সেটা হয়ত আমরা সবাই মিস করব।'
উল্লেখ্য, এই চোটের কারণে ওডিশা এফসি-র বিরুদ্ধেও খেলতে পারেননি গ্রেগ স্টুয়ার্ট। সেই ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেড ১-১ গোলে ড্র করেছিল। আশা করা হচ্ছে, জামশেদপুরের বিরুদ্ধে গ্রেগের জায়গায় পেত্রাতোসকে খেলানো হতে পারে। পাশাপাশি চোটের কারণে খেলতে পারবেন না আশিস রাইও। তাঁর জায়গায় দীপেন্দু বিশ্বাসকে দেখা যেতে পারে।
মোহনবাগান কোচ হোসে মলিনাও গ্রেগের চোট নিয়ে কিছুটা চিন্তিত। তবে তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন, এই স্কটিশ ফুটবলারের অনুপস্থিতি দলের পারফরম্য়ান্সে কোনও প্রভাব ফেলতে পারবেন না। সাংবাদিক বৈঠকে তিনি বললেন, 'গ্রেগ যে সকলের থেকে আলাদা, একথা সত্যি। তবে ইতিপূর্বে ওকে ছাড়াও তো আমাদের দল যথেষ্ট ভাল খেলেছে। ওকে যে ইচ্ছাকৃত খেলানো হচ্ছে না, তেমনটা তো আর নয়। কিন্তু, চোট থাকলে তো আর কিছু করার নেই।'