
এশিয়ার সর্ববৃহৎ টিফো আনল মোহনবাগান ফ্যানেরা।
শেষ আপডেট: 23 November 2024 21:22
দ্য ওয়াল ব্যুরো : শনিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস কায়েম করল মোহনবাগান সমর্থকরা। সবুজ-মেরুন ফ্যান ক্লাব মেরিনার্স অ্যারেনা এশিয়ার সবথেকে বড় টিফো নিয়ে এসেছে। এই টিফোর দৈর্ঘ্য ১২ হাজার ৬০০ স্কোয়ার ফুট। তৈরি করতে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। ইতিপূর্বে, ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রীর বিদায়ী ম্য়াচেও টিফো নামিয়েছিল এই ফ্যান ক্লাব।
এই ফ্য়ান ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এর আগে এত বড় টিফো এশিয়ার কোথাও দেখতে পাওয়া যায়নি। একটি সংবাদমাধ্যমকে ক্লাবের সদস্য কৌস্তভ দেবনাথ বললেন, 'আগামী শনিবার অর্থাৎ ২৩ নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'ইতিপূর্বে সূনীল ছেত্রীর বিদায়ী ম্য়াচেও আমরা টিফো নামিয়েছিলাম। ফিফার পক্ষ থেকে সেই ছবিও পোস্ট করা হয়েছিল। তবে এবার সবকিছু আমরা ছাপিয়ে গিয়েছি। গ্যালারিতে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলাম।' উল্লেখ্য, এই টিফোর ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
এবার ম্য়াচের কথায় আসা যাক। এই ম্য়াচে মোহনবাগান ৭৪ মিনিট শেষে ৩-০ গোলে এগিয়ে রয়েছে। ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোলটি করলেন টম অলড্রেড। ৪৫+২ মিনিটে দ্বিতীয় গোল করেন লিস্টন কোলাসো। আর ৭৩ মিনিটে ৩-০ গোলে দলকে এগিয়ে দিলেন ম্য়াকলারেন। শেষপর্যন্ত স্কোর কোথায় দাঁড়ায় সেটাই আপাতত দেখার।