বিবিসি থেকে গার্ডিয়ান, মার্কা থেকে লাঁ’ ইকুইপা—সব প্রতিবেদনে একটি সুর স্পষ্ট। কলকাতায় মেসির উপস্থিতি ছিল সংক্ষিপ্ত, আয়োজন অপরিকল্পিত।

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস
শেষ আপডেট: 13 December 2025 18:21
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (Salt lake Stadium) লিওনেল মেসির (Lionel Messi) সংক্ষিপ্ত উপস্থিতি ঘিরে যে বিশৃঙ্খলা ঘনাল, তা এখন কেবল স্থানীয় বা জাতীয় খবরে আটকে নেই। শনিবারের বিশৃঙ্খলার রেশ পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। বিবিসি (BBC), দ্য গার্ডিয়ান (The Guardian), স্পেনের মার্কা (Marca) থেকে ফ্রান্সের লাঁ’ ইকুইপা (L’Equipe)—প্রায় সব প্রথম সারির ক্রীড়া ও সংবাদমাধ্যমই আলাদা আলাদা প্রতিবেদনে তুলে ধরেছে যুবভারতীর তণ্ডবের ছবি। কোথাও ‘চেয়ার উড়ে যাওয়া’, কোথাও ‘ক্ষুব্ধ সমর্থকদের প্রতিবাদ’, আবার কোথাও ‘মিসম্যানেজমেন্ট’-এর কড়া সমালোচনা। সুর সর্বত্র কড়া!
বিবিসি:
বিবিসি স্পষ্ট ভাষায় জানিয়েছে—মেসির ভারত সফরের প্রথম স্টপ কলকাতা বিশৃঙ্খলায় ‘ডুবে যায়’। প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার সমর্থক ১২ হাজার টাকারও টিকিট কেটে এসেছিলেন মেসিকে এক ঝলক দেখতে। কিন্তু মাঠে নামার পর ‘বিশাল সংখ্যক আধিকারিক ও সেলিব্রিটির ঘেরাটোপে’ থাকায় গ্যালারির বড় অংশ থেকেই তাঁকে দেখা যায়নি।
বিবিসির বর্ণনায়, প্রায় ২০ মিনিটের মধ্যে মেসিকে নিরাপত্তার কারণে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। তার পরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সমর্থকদের একাংশ মাঠে নেমে পড়ে, ব্যানার ছেঁড়া হয়, ছোড়া হয় প্লাস্টিকের চেয়ার ও বোতলও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে এই ঘটনায় ‘গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত’, সেই বক্তব্যও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
দ্য গার্ডিয়ান:
দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে কলকাতার ঘটনাকে সফরের ‘বিশৃঙ্খল সূচনা’ হিসেবে দেগে দিয়েছে। ব্রিটিশ দৈনিকের ভাষ্যমতে, মেসি মাঠে নেমে সমর্থকদের উদ্দেশে হাত নাড়লেও, ছিলেন অগুনতি মানুষের ঘেরাটোপে। ফলে দর্শকদের প্রত্যাশা পূরণ হয়নি।
প্রতিবেদনে এএনআই-র ভিডিওর উল্লেখও রয়েছে, যেখানে দেখা যায়—সমর্থকেরা গ্যালারির চেয়ার উপড়ে মাঠে ছুড়ে মারছেন, কেউ কেউ ফেন্স টপকে ঢুকে পড়ছেন মাঠে। এক সমর্থকের বক্তব্য উদ্ধৃত করে লেখা হয়েছে—‘১২ হাজার টাকার টিকিট কেটেও মেসির মুখ পর্যন্ত দেখতে পেলাম না!’ দ্য গার্ডিয়ান বিশেষভাবে উল্লেখ করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বক্তব্য।
মার্কা:
স্পেনের প্রভাবশালী ক্রীড়া দৈনিক মার্কা (Marca) কলকাতার ঘটনাকে তীব্র ভাষায় সমালোচনা ধরেছে। তাদের শিরোনামেই রয়েছে—‘অ্যাবসোলিউট ক্যাওস’! প্রতিবেদনে লেখা, ইন্টার মায়ামির (Inter Miami) তারকা মাঠে ঢুকে হেঁটে বেরিয়ে যান, মাত্র কুড়ি মিনিটের মধ্যেই। অথচ সমর্থকেরা হাজার হাজার টাকা খরচ করে এসেছিলেন শুধুমাত্র তাঁকে দেখার প্রত্যাশায়।
মার্কার প্রতিবেদনে একাধিক ভিডিওর উল্লেখ রয়েছে, যেখানে দেখা যাচ্ছে—চেয়ার আছড়ে পড়ছে মাঠে, ফেন্স ভেঙে সমর্থকেরা ঢুকে পড়ছেন। এক ক্ষুব্ধ সমর্থকের উক্তি তুলে ধরে লেখা হয়েছে—‘আমরা ১২ হাজার টাকা দিয়ে শুধু সরকারি আধিকারিক আর অভিনেতাদেরই দেখেছি!’ পাশাপাশি, তারা স্মরণ করিয়ে দিয়েছে—২০১১ সালে এই কলকাতাতেই ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন মেসি, তখন পরিস্থিতি ছিল সম্পূর্ণ উল্টো।
লাঁ’ ইকুইপা:
ফরাসি দৈনিক লাঁ’ ইকুইপা (L’Equipe) তাদের প্রতিবেদনে কলকাতার ছবিকে ‘ডিস্টার্বিং’ বলে বর্ণনা করেছে। লিখেছে, প্রোমোশনাল সফরে থাকা মেসি মাঠে নেমে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ালেও, তাঁকে ঘিরে থাকা মানুষের ভিড়ের কারণে দর্শকদের হতাশা চরমে পৌঁছয়। লাঁ’ ইকুইপা জানিয়েছে, মাঠে আর্জেন্তিনীয় তারকার উপস্থিতি ছিল মাত্র ২০ মিনিট। তারপরই সমর্থকেরা আসন ভেঙে মাঠে ছুড়তে শুরু করেন। প্রতিবেদনে এক দর্শকের বক্তব্য উদ্ধৃত। ফরাসি দৈনিক আরও উল্লেখ করেছে, কলকাতায় মেসির সম্মানে বিশালাকায় মূর্তি তৈরি হলেও, মাঠের অভিজ্ঞতা সমর্থকদের জন্য ‘মর্মান্তিক’!
বিবিসি থেকে গার্ডিয়ান, মার্কা থেকে লাঁ’ ইকুইপা—সব প্রতিবেদনে একটি সুর স্পষ্ট। কলকাতায় মেসির উপস্থিতি ছিল সংক্ষিপ্ত, আয়োজন অপরিকল্পিত। যে কারণে দর্শকদের প্রত্যাশা পূরণ হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের চোখে এটি শুধুই একটি ‘ব্যর্থ ইভেন্ট’ নয়, বরং ফুটবল-উন্মাদ শহরে একটি বড় সুযোগ হাতছাড়া হওয়ার নিদর্শন।