
মুম্বই সিটি এফসি-র ফুটবলার লালিয়ানজুয়ালা ছাংতে
শেষ আপডেট: 20 November 2024 17:32
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবল দলে অন্যতম পরিচিত মুখ হলেন লালিয়ানজুয়ালা ছাংতে। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে তিনি মুম্বই সিটি এফসি-র হয়ে খেলেন। কিন্তু, আপনারা কি জানেন, নরওয়ের একটি ফুটবল ক্লাব তাঁকে খেলার প্রস্তাব দিয়েছিল। কিন্তু, টিম ইন্ডিয়ার এই উইঙ্গার সেই প্রস্তাব নাকচ করে দেন। কারণটা শুনলে আপনিও অবাক হবে।
তখন ছাংতের বয়স ছিল মাত্র ২১ বছর। ২০১৯ সালে একটা লোভনীয় অফার পেয়েছিলেন তিনি। কিন্তু, সেই প্রস্তাব তিনি নাকচ করে দেন।
আসলে ২০১৯ সালে ছাংতে দিল্লি ডায়নামোজ দলের হয়ে খেলতেন। সেইসময় তিনি নরওয়ের একটি ফুটবল ক্লাব ভাইকিং এফকে-র জন্য ট্রায়াল দিতে যান। ভাইকিং এফকে নরওয়ের ক্লাব ডিভিশনে অনেকটাই উপরের দিকে ছিল।
ট্রায়ালসে ছাংতে ক্লাব ম্যানেজমেন্টকে যথেষ্ট প্রভাবিত করেন। এরপর ক্লাবের পক্ষ থেকে ছাংতে-কে তিন বছরের দীর্ঘমেয়াদি চুক্তি অফার করা হয়েছিল। কিন্তু, সেইসময় দিল্লি ডায়নামোজ তাঁকে যে স্যালারি দিচ্ছিল, তার থেকে নরওয়ের ওই ক্লাবের স্যালারি অনেকটাই কম ছিল।
শোনা যায়, এই কারণেই নাকি ছাংতে ওই প্রস্তাব নাকচ করে দেন। যেহেতু ভারতের অধিকাংশ ফুটবলারই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে, সেকারণে টাকা তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইএসএল টুর্নামেন্টে যেহেতু তাঁরা মোটা অঙ্কের টাকা পান, সেকারণে অনেকেই নাকি এমন প্রস্তাব ফিরিয়ে দেন।