লা লিগায় বার্সেলোনা সুযোগ পেলে কাজে লাগাতে ছাড়ছে না। প্রিমিয়ার লিগে আর্সেনাল চাপ সামলে এগোচ্ছে, ভিলা লেগে আছে, সিটি অপেক্ষায়।

ছুটছে আর্সেনাল
শেষ আপডেট: 4 January 2026 10:55
দ্য ওয়াল ব্যুরো: এস্পানিয়লের মাঠে খেলাটা সহজ হবে—এমনটা ভাবেননি কেউই। কিন্তু যেভাবে বার্সেলোনা (Barcelona) শেষমেশ ম্যাচটা বের করে নিল, সেটাই খেতাব-দৌড়ের বড় বার্তা। প্রায় পুরো লড়াইয়ে চাপের মুখে থেকেও ৮৬ মিনিটে গেমচেঞ্জার দানি ওলমো (Dani Olmo)। বদলি হিসেবে নেমে বাঁ-পায়ে বাঁক খাওয়া শটে গোল। সংযুক্ত সময়ে কাজটা শেষ করলেন রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। স্কোরলাইন ২–০, যদিও আসল গল্প অনেক বেশি টানটান।
এই ম্যাচে না জিতলে শীর্ষে ফারাক বাড়ত না। জিতে সাত পয়েন্ট এগিয়ে গেল হান্সি ফ্লিকের (Hansi Flick) দল। এস্পানিয়ল লড়াই করেছে, সুযোগও পেয়েছে। কিন্তু বার্সার গোলরক্ষক জোয়ান গার্সিয়া (Joan Garcia) বারবার রুখে দিয়েছেন প্রতিপক্ষের আক্রমণ। রুদ্ধশ্বাস ডার্বিতে আবেগ, শিস, ব্যানার—সব ছিল। কিন্তু শেষে পার্থক্য গড়ে দিল রিজার্ভ বেঞ্চের গভীরতা।
প্রিমিয়ার লিগ: পিছিয়ে পড়েও আর্সেনালের প্রত্যাবর্তন
ইংল্যান্ডে ছবি অনেকটা আলাদা, কিন্তু বার্তা একই—শীর্ষে থাকার মানে চাপ সমলানো শিখতে হবে। গতরাতে আর্সেনাল (Arsenal) শুরুতে গোল খেয়েছিল বোর্নমাউথের (Bournemouth) বিরুদ্ধে। মারাত্মক ভুল করে বসেন গ্যাব্রিয়েল মাগালায়েস (Gabriel Magalhaes)। কিন্তু ডেকলান রাইসের (Declan Rice) জোড়া গোলে ফাঁড়া থেকে উদ্ধার। ৩–২ স্কোরলাইনে শেষ হাসি হেসে টানা পাঁচ ম্যাচে জয়।
যার জোরেই মিকেল আর্তেতা (Mikel Arteta) দলের মানসিকতা নিয়ে স্পষ্ট জানালেন—ভুল হবে, কিন্তু কামব্যাকের প্রতিক্রিয়াটাই আসল। আর্সেনাল এখন দ্বিতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার (Aston Villa) থেকে ছয় পয়েন্ট এগিয়ে, ম্যানচেস্টার সিটির (Manchester City) থেকে সাত। খেতাবের লড়াইয়ে এটা ছোট ব্যবধান নয়!
অ্যাস্টন ভিলা: ঘরের মাঠে অপ্রতিহত ধারাবাহিকতা
এমিরেটসে ধাক্কার পর ভিলার প্রতিক্রিয়াও নিখুঁত। নটিংহ্যাম ফরেস্টকে (Nottingham Forest) ৩–১-এ হারিয়ে ঘরের মাঠে টানা ১১তম জয়। অলি ওয়াটকিন্স (Ollie Watkins) প্রথম গোল, তারপর জন ম্যাকগিনের (John McGinn) জোড়া আঘাত। কোচ উনাই এমেরি (Unai Emery) খোলাখুলি কানালেন—আর্সেনালের বিরুদ্ধে হারের পর বৈঠক হয়েছিল, নিজেদের আয়নায় দেখেছে দল। ফলটা মিলেছে মাঠে। ভিলা এখন শুধু ‘চমক’ নয়, বাস্তব দাবিদার। যদিও শীর্ষে থাকা আর্সেনাল আপাতত হট ফেভারিট।
নীচের লড়াই ও বড় ছবি
দিনের আরেক দিকও রয়েছে। উলভস (Wolves) অবশেষে ছিনিয়ে নিয়েছে ৩ পয়েন্ট, কিন্তু এখনও সবার নীচে, সবার পিছে। ওয়েস্ট হ্যাম (West Ham United) বিপদে, টানা হারে অবনমন-ভয় বাড়ছে। লিগের মাঝামাঝি এসেও কেউ নিরাপদ নয়।
সব মিলিয়ে, দুই লিগেই ছবি একেবারে পরিষ্কার। লা লিগায় বার্সেলোনা সুযোগ পেলে কাজে লাগাতে ছাড়ছে না। প্রিমিয়ার লিগে আর্সেনাল চাপ সামলে এগোচ্ছে, ভিলা লেগে আছে, সিটি অপেক্ষায়। খেতাবের দৌড় প্রতি সপ্তাহে মাঠে নতুন হিসেব লিখে দিচ্ছে।