.jpg)
মোহনবাগানের সঙ্গে রিয়াল মাদ্রিদের তুলনা নিয়ে মন্তব্য মলিনার
শেষ আপডেট: 11 December 2024 16:56
দ্য ওয়াল ব্যুরো : চলতি ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করছে মোহনবাগান সুপার জায়ান্ট। গত রবিবার (৯ ডিসেম্বর) গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে নর্থ-ইস্ট ইউনাইটেডকে তারা ২-০ গোলে পরাস্ত করেছে। এই জয়ের পর লিগ টেবিলেও হোসে মলিনার দল শীর্ষে উঠে এসেছে।
ম্যাচের প্রথমার্ধে হাইল্যান্ডার্সরা কিছুটা হলেও বাগানের উপর চাপ তৈরি করেছিল। কিন্তু, মনবীর এবং লিস্টনের গোলে মোহনবাগান বড় ব্যবধানে জয়লাভ করেছে।
তবে এই ম্যাচ শুরুর আগে নর্থ-ইউ ইউনাইটেড দলের হেড কোচ জুয়ান পেদ্রো বেনালি মোহনবাগানের সঙ্গে মাইন্ড গেম খেলার চেষ্টা করেছিলেন। তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে গঙ্গাপাড়ের এই ফুটবল ক্লাবের তুলনা করেছিলেন। বলেছিলেন, মোহনবাগানকে কোন দল যদি খেলার সুযোগ পায়, তাহলেই তারা অনেকটা মোটিভেটেড হয়। কারণ তারকাখচিত এই দল গত আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল।
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মোহনবাগান কোচ হোসে মলিনা বললেন, 'এমন কোনও মন্তব্য আমি শুনিনি। আপনি আমাদের ফিটনেস কোচকে (সার্জিও গার্সিয়া তোরিবিও) আপনারা সকলেই চেনেন। ওঁর বাবা বলেছিল যে নর্থ-ইস্ট ইউনাইটেডের সঙ্গে গেতাফের অনেকটা মিল রয়েছে। যদি আমরা রিয়াল মাদ্রিদ হই, তাহলে নর্থ-ইস্ট ইউনাইটেড গেতাফে। ওদের হারানো সত্যিই খুব কঠিন।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমরা রিয়াল মাদ্রিদ কিংবা নর্থ-ইস্ট ইউনাইটেড গেতাফে কি না, সেটা আমি বলতে পারব না। তবে মোহনবাগান আসলে মোহনবাগানই। আমি নিশ্চিত বেনালি প্রতিদিন নর্থ-ইস্ট ইউনাইটেডের উন্নতিতে সাহায্য করছে। আশা করি, আবারও প্লে-অফে ওদের সঙ্গে আমরা খেলতে পারব।'