কেরলের ক্রীড়ামন্ত্রী বলেছেন, এই ম্যাচটির স্পনসর জানিয়েছে, প্রয়োজনীয় ম্যাচ ফি-সহ খরচ তারা দেবে। আর এরপরই বহুল প্রতীক্ষিত সফরের পথ পরিষ্কার হয়ে গিয়েছে।

আর্জেন্চিনার জাতীয় দলের সঙ্গে মেসি।
শেষ আপডেট: 9 June 2025 12:17
দ্য ওয়াল ব্যুরো: ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতে (India) প্রথমবারের মতো পদার্পণ ঘটেছিল ফুটবলের যুবরাজ লিওনেল মেসির (Lionel Messi)। অবশ্য শুধু একা মেসি নন, এসেছিল আর্জেন্টির জাতীয় দল (Argentina National Team) দলই। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেবার প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছিল ভেনেজুয়েলাকে। এবার আবার আর্জেন্টিনা আসতে চলেছে ভারতে। সেই দলে থাকবেন মেসিও।
মেসি-সহ আর্জেন্টিনার জাতীয় দল যে ফের ভারতে আসতে চলেছে, সে নিয়ে বেশ কয়েক মাস ধরেই আলোচনা চলছিল। মাঝখানে অবশ্য শোনা গিয়েছিল স্পনসর-জনিত সমস্যার কারণে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নদের সেই সফর বাতিল হতে পারে। অবশেষে কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান (Kerala Sports Minister V Abdurahiman) জানিয়েছেন, বিশ্ব ফুটবলের আইকন লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল অবশ্যই রাজ্য সফর করবে। কেরল সরকার এর আগে (২০২৪ সালে) ঘোষণা করেছিল, তারা আর্জেন্টিনার জন্য একটি প্রীতি ম্যাচের আয়োজন করবে।
শনিবার কেরলের ক্রীড়ামন্ত্রী বলেছেন, এই ম্যাচটির স্পনসর জানিয়েছে, প্রয়োজনীয় ম্যাচ ফি-সহ খরচ তারা দেবে। আর এরপরই বহুল প্রতীক্ষিত সফরের পথ পরিষ্কার হয়ে গিয়েছে।
সেই সঙ্গে ভি আবদুরহিমান জানিয়েছেন, আর্জেন্টিনা চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। তাদের রাষ্ট্রীয় অতিথি হিসাবেই গণ্য করা হবে। কেরল সরকার তাদের নিরাপত্তা, থাকা-সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করবে।
এর আগে বেশ কিছু মিডিয়া দাবি করেছিল, স্পনসরের চুক্তি লঙ্ঘনের অভিযোগে আর্জেন্টিনা সফর বাতিল করেছে। কিন্তু মন্ত্রী আবদুরহিমান, স্পনসর ও রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি উভয়ই এই দাবি অস্বীকার করেছে। ক্রীড়ামন্ত্রী বলেছেন, নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ চ্যাম্পিয়নরা কেরলে একটি প্রীতি ম্যাচ খেলবে।
কেরলের ক্রীড়ামন্ত্রী তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “মেসি আসবেন। এই অনুষ্ঠানটি সম্ভব করার জন্য স্পন্সরকে ধন্যবাদ জানাই।” পাশাপাশি তিনি বলেছেন, ম্যাচ ফি প্রদানে বিলম্ব হলেও সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে।
তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।