বর্তমান পরিস্থিতির অর্থ ইন্টার কাশীর তালিকায় আরও তিনটি পয়েন্ট যোগ হবে এবং এর ফলে তারা চার্চিল ব্রাদার্সকে ছাড়িয়ে যাবে। ফলে স্বাভাবিক ভাবেই গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন হওয়া উচিত ইন্টার কাশির।

ইন্টার কাশী
শেষ আপডেট: 17 June 2025 19:16
দ্য ওয়াল ব্যুরো: অবশেষে কিছুটা হলেও স্বস্তি পেল ইন্টার কাশী (Inter Kashi)। আই-লিগের (I-League) ক্লাব ইন্টার কাশীর পক্ষে বিশাল রায় দিয়েছে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (CAS)।
জানুয়ারির শেষে অনুষ্ঠিত আই-লিগের একটি ম্যাচে ইন্টার কাশী নামধারী এফসির কাছে ০-২ গোলে হেরে যায়। এর পরপরই তারা অভিযোগ দায়ের করে এআইএফএফ-এর (AIFF) কাছে। তারা অভিযোগে উল্লেখ করে, নামধারী ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্লেডসন দ্য সিলভাকে মাঠে নামিয়েছিল, যিনি চারটি হলুদ কার্ড দেখার পর স্থগিতাদেশের কারণে খেলার অযোগ্য ছিলেন। লিগের নিয়ম অনুসারে এক ম্যাচের নিষেধাজ্ঞা ছিল তাঁর উপর।
অভিযোগ পেয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) ইন্টার কাশীর বিরুদ্ধে রায় দিয়ে জানায়, ওই ম্যাচ থেকে তারা কোনও পয়েন্ট পাবে না। এরপর ক্লাবটি CAS-এর হস্তক্ষেপের আবেদন করে।
এদিন ইন্টার কাশী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ঘোষণা করেছে যে CAS-এর সিদ্ধান্ত তাদের পক্ষেই যাচ্ছে। যা আই-লিগের গত মরশুমের ফলাফল বদলে দিতে পারে।
🚨 CLUB STATEMENT 🚨
A victory at the CAS for us! 🧡#IndianFootball #ILeague #HarHarKashi #Kashi pic.twitter.com/f3mpirfCHp— Inter Kashi (@InterKashi) June 17, 2025
কেন ইন্টার কাশী CAS-এ গেল?
ইন্টার কাশীর কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (CAS)-এর কাছে যাওয়ার সিদ্ধান্ত এটা প্রমাণ করে দেয় যে, এআইএফএফ ভারতীয় ফুটবলকে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। সর্বভারতীয় ফুটবল সংস্থার ডিসিপ্লিনারি কমিটি প্রথমে কাশীর পক্ষে রায় দিয়ে তাদের তিন পয়েন্ট দিয়ে দেয়। কিন্তু নামধারী আপিল করে দাবি করে, এআইএফএফ দ্য সিলভার জন্য কোনও স্থগিতাদেশের ইঙ্গিত দেয়নি, তাই ভুলটি তাদের ছিল না। এরপর এআইএফএফ পূর্ববর্তী সিদ্ধান্ত স্থগিত করে এবং মরশুম শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখে। এরপর মরশুম শেষে ফেডারেশন নামধারীর পক্ষেই রায় দেয়।
ফেডারেশনের এই দ্বিচারিতার পর এবং পদ্ধতিগত অসঙ্গতি দেখে ক্ষুব্ধ ইন্টার কাশী একটি স্বাধীন এবং চূড়ান্ত সমাধানের জন্য বিষয়টি নিয়ে দ্বারস্থ হয় সিএএস-এর। কারণ নামধারী ম্যাচের তিন পয়েন্ট পেলে তারা আই-লিগ চ্যাম্পিয়ন হতো।
CAS কী বলেছে?
ইন্টার কাশীর মতে, সিএএস-এর রায় ক্লাবের পক্ষে গিয়েছে। ক্লাব মঙ্গলবার (১৭ জুন) সোশ্যাল মিডিয়ায় খবরটি ঘোষণা করে বলেছে, "ইন্টার কাশী ক্লাবের দায়ের করা সালিশের বিষয়ে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের জারি করা রায়কে স্বাগত জানাচ্ছি।" সেই সঙ্গে ইন্টার কাশীর পোস্টে লেখা রয়েছে, "সিএএস অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের আপিল কমিটির সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছে, যারা এর আগে নামধারীর বিরুদ্ধে ম্যাচের তিন পয়েন্ট কেটে নিয়েছিল। এই আদেশই যা বলার বলে দিচ্ছে, ক্লাব এই মুহূর্তে এই বিষয়ে আর কোনও মন্তব্য করতে চায় না। এই প্রক্রিয়া জুড়ে অব্যাহত এবং অটল সমর্থনের জন্য আমরা আমাদের সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।"
এখন আই-লিগ চ্যাম্পিয়ন কে?
বর্তমান পরিস্থিতির অর্থ ইন্টার কাশীর তালিকায় আরও তিনটি পয়েন্ট যোগ হবে এবং এর ফলে তারা চার্চিল ব্রাদার্সকে ছাড়িয়ে যাবে। ফলে স্বাভাবিক ভাবেই গত মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন হওয়া উচিত ইন্টার কাশির। যদিও এআইএফএফ বা চার্চিল ব্রাদার্সের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।