আমার মনে হয় ১৪ বছর বয়সি ছেলেটিকে দলে নেওয়াটা খবরের শিরোনামে ছিল, তাই না? সে নিলামে ছিল, সবার ছোট, প্রচুর বয়সের পার্থক্য। আমাদের বিপক্ষে খেলার আগে সে হয়তো দুই-তিনটি ম্যাচ খেলেছিল।

বৈভব সূর্যবংশী ও জস বাটলার
শেষ আপডেট: 17 June 2025 17:52
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট-বিশ্বে ‘বৈভব বন্দনা’ যেন থামছেই না। ১৪ বছরের এই কিশোরকে নিয়ে মুগ্ধ বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা। ইল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জস বাটলার (Jos Buttler) বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) ব্যাটিং স্টাইলের পরম ভক্ত হয়ে উঠেছেন।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে বাটলার বৈভব সম্পর্কে বড় ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বৈভবের ব্যাট সুইংকে ক্রিকেট গ্রেট ব্রায়ান লারা এবং যুবরাজ সিংয়ের সঙ্গে তুলনা করেছেন।
বৈভব সূর্যবংশী সম্পর্কে ভবিষ্যদ্বাণী
জস বাটলার জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে আইপিএলে রাজস্থান রয়্যালস এবং গুজরাত টাইটান্স ম্যাচে বৈভব সূর্যবংশীর ৩৫ বলে ১০০ রানের (যার মধ্যে ১১টি ছক্কা ছিল) ঝড়ো ইনিংসটি খুব কাছ থেকে দেখেছিলেন। বাটলার তাঁর নতুন পডকাস্ট "ফর দ্য লাভ অব ক্রিকেট"-এ স্টুয়ার্ট ব্রডের সঙ্গে এই ম্যাচটি সম্পর্কে কথা বলেছেন। এই সময় তিনি বলেন, "বৈভবের ব্যাটের সুইং অসাধারণ। যেমনটা ছিল যুবরাজ সিং (Yubraj Singh) এবং ব্রায়ান লারার (Brayan lara)।"
স্টুয়ার্ট ব্রড আইপিএল নিলামের কথা স্মরণ করে বাটলারের পডকাস্টে বলেন, রাজস্থান রয়্যালস কীভাবে ১৪ বছর বয়সি বৈভবকে বেছে নিয়েছিল। ব্রড বাটলারকে বলেন, “যখন আমি নিলাম দেখছিলাম, তখন রাজস্থান রয়্যালস ১৪ বছর বয়সি একটি ছেলেকে বেছে নিয়েছিল। আমার মনে হয় তখন সারা বিশ্বের সবাই অবাক হয়ে বলেছিল, 'কী? মাত্র ১৪ বছর? এটা বড় খেলোয়াড়দের ক্রিকেট।' কিন্তু যখন সে অবিশ্বাস্য আইপিএল সেঞ্চুরি করে ফ্র্যাঞ্চাইজির আস্থা অক্ষুণ্ণ রেখেছিল, তখন তুমি উইকেটকিপিং করছিলে, তাই না? এটা নিয়ে কথা বল, কারণ এটি বিশ্বজুড়ে শিরোনামে উঠেছিল।”
এরপর বাটলার বলেন, "এটা অনুপ্রেরণামূলক হলেও আমার উৎসাহ শেষ করে দিয়েছিল। এই ছেলেটি (বৈভব) আমার থেকে ২০ বছরের ছোট এবং ও আমাদের পুরো মাঠে হারিয়ে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, এটা পুরো ক্রিকেট বিশ্বে আলোড়ন তুলেছে।"
এখানেই থামননি ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক। ব্রডকে বলেন, "আমার মনে হয় ১৪ বছর বয়সি ছেলেটিকে দলে নেওয়াটা খবরের শিরোনামে ছিল, তাই না? সে নিলামে ছিল, সবার ছোট, প্রচুর বয়সের পার্থক্য। আমাদের বিপক্ষে খেলার আগে সে হয়তো দুই-তিনটি ম্যাচ খেলেছিল। কিন্তু যখন সে আইপিএলে তার প্রথম বল খেলে, তখন সে ছক্কা মারে।"