
ভারতীয় ফুটবল দলের হেড কোচ মানোলো মার্কোয়েজ
শেষ আপডেট: 14 November 2024 15:27
দ্য ওয়াল ব্যুরো: নভেম্বর ফিফা আন্তর্জাতিক উইন্ডোর কারণে আপাতত ইন্ডিয়ান সুপার লিগে সাময়িক বিরতি ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে গোটা দেশের নজর ভারতীয় ফুটবল দলের উপর পড়েছে। গত সোমবার থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে নীল বাঘের দল। আগামী ১৮ নভেম্বর মালয়েশিয়ার বিরুদ্ধে তাদের একটি প্রীতি ম্য়াচ খেলতে হবে। এই ম্য়াচটি হায়দরাবাদের জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে আয়োজন করা হবে।
মার্কোয়েজের কোচিংয়ে টিম ইন্ডিয়া এখনও একটাও ম্য়াচ জিততে পারেনি। ইতিপূর্বে, মরিশাসের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দল গোলশূন্য ড্র করেছিল। গত সেপ্টেম্বর মাসে সিরিয়ার বিরুদ্ধে ০-৩ গোলে হেরে যায় ভারত। অক্টোবরে ভিয়েতনামের বিরুদ্ধে একটা প্রীতিম্যাচ খেলতে নেমেছিল। কিন্তু, সেই ম্য়াচটাও ১-১ গোলে ড্র হয়ে যায়।
এই আন্তর্জাতিক বিরতিতে ভারতীয় ফুটবল দলকে মাত্র একটাই ম্য়াচ খেলতে হবে। সেকারণে টিম ইন্ডিয়ার হেড কোচ স্পষ্ট করে দিলেন, এই ম্য়াচের উপরই তিনি যাবতীয় ফোকাস ধরে রাখবেন।
মানোলো বললেন, 'আমি অনেক আগেই ঠিক করেছিলাম যে এই উইন্ডোয় (নভেম্বর) একটাই ম্যাচ খেলা হবে। সকলেই জানেন যে জাতীয় দল অনুশীলনের জন্য খুব একটা বেশি সময় পায়নি। আমি মনে করি, আমরা এখনও প্রাথমিক পর্যায়েই দাঁড়িয়ে রয়েছি।'
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এই নিয়ে আমরা চতুর্থ ম্য়াচ খেলতে নামব। আমি মনে করি, গত ম্য়াচে ভারতীয় ফুটবল দল যথেষ্ট উন্নতি করতে পেরেছে। এই ধারাবাহিকতাই বজায় রাখতে হবে।'