
ওডিশা এফসি-র ফুটবলার হুগো বুমোস
শেষ আপডেট: 10 November 2024 19:59
দ্য ওয়াল ব্যুরো: রসগোল্লার ডার্বিতে শুরুতেই এগিয়ে গেল ওডিশা এফসি। গোল করলেন মোহনবাগান সুপার জায়ান্টের প্রাক্তনী হুগো বুমোস। মাত্র ৪ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে গোল করে ওডিশাকে এগিয়ে দিলেন তিনি। এই গোল ওডিশাকে যে অ্যাডভান্টেজ দেয় কি না, তা দেখতে হবে।
ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে মোহনবাগান গোলকিপার বিশাল কাইথকে ইচ্ছাকৃত ব্যাক পাস বাড়িয়েছিলেন আশিস রাই। বিশাল বলটা তালুবন্দি করেন। আর আশিসের এই ভুলের খেসারতই দিল মোহনবাগান। বক্সের মধ্যেই একটা ইনডিরেক্ট ফ্রি-কিক পেল ওডিশা।
ইনডিরেক্ট ফ্রি-কিক থেকে ওডিশা যে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, তা বুঝতেই পারা যাচ্ছিল। বুমোসের জন্য বলটা সেট করে দিলেন জাহুয়া। মাত্র ৬ গজ দুরত্ব থেকে শট মারলেন বুমোস। মনবীরের পায়ে বলটা প্রতিহত হয়ে বলটা বাগানের জালে জড়িয়ে গেল।
এই গোলের পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলতে শুরু করেছেন, প্রাক্তন দলের বিরুদ্ধে গোল করে কার্যত মনের জ্বালা মেটালেন হুগো বুমোস। সবুজ-মেরুন ব্রিগেড থেকে হুগোর রিলিজ কিন্তু একেবারে মসৃণ ছিল না। তাঁকে বেশ কয়েকটা ম্য়াচ বসিয়েও রাখা হয়েছিল। অবশেষে গোল করে যাবতীয় অপমানের যোগ্য জবাব দিলেন তিনি।
এবারের আইএসএল টুর্নামেন্টে মোহনবাগান যথেষ্ট ভাল জায়গায় রয়েছে। ১৩ পয়েন্ট নিয়ে তারা তালিকায় ২ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে ওডিশা রয়েছে ৯ নম্বরে। শুরুর দিকে মোহনবাগান গোল হজম করলেও, তারা কীভাবে কামব্যাক করতে পারে, সেদিকেই সুপার জায়ান্ট সমর্থকরা তাকিয়ে রয়েছেন।