
ইস্টবেঙ্গল ফুটবলার হেক্টর ইউস্তে
শেষ আপডেট: 20 November 2024 18:49
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। দলের অনুশীলনে যোগ দিলেন তারকা বিদেশি ফুটবলার হেক্টর ইউস্তে। কিন্তু, প্রথমদিন তাঁকে সেইভাবে অনুশীলন করতে দেখা গেল না। সাইড লাইনের ধারে দাঁড়িয়ে হালকা গা ঘামালেন। পাশাপাশি নিশু কুমারকেও সাইড লাইনের ধারে হালকা জগিং করতে দেখা গেছে। অনুশীলনের মাঝপথেই হেক্টর এবং নিশু দুজনেই মাঠ ছাড়েন এটা দেখার পরই লাল-হলুদ সমর্থকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি এখনও সম্পূর্ণ সুস্থ হননি হেক্টর? ক্লাবের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু বলা হয়নি।
প্রসঙ্গত, এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে নেমে চোট পেয়েছিলেন হেক্টর। এরপর তিনি আর কলকাতা ফেরেননি। ভুটান থেকেই তিনি সোজা স্পেনের উদ্দেশে রওনা দেন। এরপর ইস্টবেঙ্গল সমর্থকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, চোট সারিয়ে ফের কবে ভারতে ফিরবেন হেক্টর? অবশেষে যাবতীয় জল্পনার অবসান হয়েছে।
এবার অনুশীলনের কথায় আসা যাক। গত শনিবার থেকেই ইস্টবেঙ্গলের অনুশীলন শুরু হয়ে গিয়েছে। কিন্তু, সেইদিন সম্পূর্ণ স্কোয়াড নিয়ে কোচ অস্কার ব্রুজোঁ অনুশীলন করাতে পারেননি। রবিবার সাউল ক্রেসপো, তালাল এবং দিয়ামান্তাকোস ছুটি কাটিয়ে ভারতে পা রাখেন। মঙ্গলবার অনুশীলনে ছুটি ছিল।ম
এদিনের অনুশীলনে লাল-হলুদ ব্রিগেড প্রথমে খানিকটা অনুশীলন করেন। শর্ট পাস এবং ক্রসের উপরই জোর দেন হেডস্যার অস্কার। আগামী ২৬ নভেম্বর অনুশীলনে যোগ দেবেন আনোয়ার আলি এবং জিকসন সিং। জাতীয় ফুটবল দলের হয়ে মালয়েশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার পর আপাতত তাঁরা ছুটিতে রয়েছেন।