কেরিয়ারের শেষ লগ্নে পৌঁছে সাদিও মানে শুধু ফুটবলার নন। আফ্রিকার জাগ্রত বিবেক। মাঠে যেমন, তেমনই মাঠের বাইরে।

সাদিও মানে
শেষ আপডেট: 19 January 2026 18:09
দ্য ওয়াল ব্যুরো: তিনি ফুটবলার৷ ফুটবল খেলেন৷ সুনাম কুড়োন। খেতাব জেতেন৷ উইং ধরে বল্গাহীন ঘোড়ার মতো দাপটের সঙ্গে ছুটে যান৷ এটা তো বাইরের লোকে দেখে।
কিন্তু আরেকটু তলিয়ে বোঝেন যাঁরা, ফুটবলকে জীবনের সীমারেখার সঙ্গে মিলিয়ে দেখতে চান, তাঁদের নজরে সাদিও মানে মানে এমন এক সহৃদয় সজ্জন, যিনি নিজের অন্ত্যজ গ্রাম বামবালিতে বিপুল অর্থব্যয়ে হাসপাতাল বানান৷ শিশুশিক্ষায় গতি আনতে আধুনিক স্কুল গড়ে তোলেন। নিরন্ন পরিবারের মুখে জোগান ভাত, হাতে অর্থ। ইতিপূর্বে স্থাপিত বিদ্যালয়ে বসান ফ্রি ইন্টারনেট। গ্রামবাসীর মুখ চেয়ে বাঁধিয়ে ফেলেন সড়ক৷ সব নিজের গাঁটের কড়ি খরচ করে৷
এই মানুষটাই আবার মাঠের মধ্যে দাঁড়িয়ে বলে দেন—‘ফুটবল থামিয়ে দেওয়া যায় না।’মরক্কোর (Morocco) বিরুদ্ধে আফ্রিকা কাপ অফ নেশনস (AFCON) ফাইনালে যখন ৯৮ মিনিটে পেনাল্টির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সতীর্থরা ড্রেসিংরুমে ঢুকে পড়ছেন, তখন একাই উলটো পথে হাঁটেন সাদিও মানে (Sadio Mane)। সঙ্গে পান গোলকিপার এদুয়ার মেন্দিকে (Edouard Mendy)। সতীর্থদের ফিরিয়ে আনেন মাঠে। কারণ তাঁর কাছে ম্যাচের ফলের থেকেও বড় খেলার সম্মান, আফ্রিকান ফুটবলের ভাবমূর্তি।
পেনাল্টি নিতে এসে ব্রাহিম দিয়াজ (Brahim Diaz) ব্যর্থ হন। সহজেই সেভ করেন মেন্দি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই পাপে গুয়ের (Pape Gueye) গোল। সেনেগাল (Senegal) চ্যাম্পিয়ন। ইতিহাসে দ্বিতীয়বার। আর মানে? তিনি শুধু তারকা নন—নেতৃত্বের জীবন্ত সংজ্ঞা!
এই আফকনই যে তাঁর শেষ টুর্নামেন্ট, জানিয়েছিলেন আগেই। ট্রফি তোলার প্রাক মুহূর্তে সতীর্থরা তাঁর হাতে তুলে দেন ক্যাপ্টেনের আর্মব্যান্ড। যেন সম্মিলিত স্বীকৃতি—এই মানুষটা দলের নৈতিক অভিভাবক। ম্যাচের পর মানের বক্তব্যেও সেই দায়বদ্ধতা স্পষ্ট… ‘হারলেও মাঠ ছাড়তাম না। আফ্রিকান ফুটবলে এটা হলে খুব খারাপ উদাহরণ তৈরি হত।’
এই মানসিকতাই মানেকে আলাদা করে তোলে। মাঠের বাইরে যেমন তিনি বামবালির সন্তানদের জন্য হাসপাতাল গড়েন, স্কুল বানান, করোনা মোকাবিলায় অর্থ দেন—মাঠের ভেতরেও তেমনই ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। লিভারপুল (Liverpool) থাকাকালীন টক্সেথের (Toxteth) মসজিদে টয়লেট পরিষ্কার করা হোক বা গোপনে দান—কোথাও ক্যামেরার খোঁজ রাখেননি। আল-নাসর (Al-Nassr) হয়ে সৌদি আরবে খেললেও শিকড়ে টান পড়েনি এতটুকু।
এবারের আফকনে তাঁর সাফল্য কম নয়। সুযোগ তৈরি, প্রতিপক্ষ অর্ধে টাচ—সব ক্ষেত্রেই এগিয়ে। কিন্তু এবার গল্পটা সংখ্যার নয়। আচরণের। নেতৃত্বের। তাই প্রাক্তন নাইজেরীয় তারকা ড্যানিয়েল আমোকাচির (Daniel Amokachi) নজরে সাদিও মানে ‘আফ্রিকান ফুটবলের প্রকৃত দূত!’ মরক্কোর প্রাক্তন ফুটবলার হাসান কাচলুলও (Hassan Kachloul) মেনে নেন, মানে গতরাতে মাঠে না ফিরলে ফুটবলই হেরে যেত।
৩৩ বছর বয়সে এসে হয়ে উঠেছেন ‘লেজেন্ড অব সেনেগাল’। দেশের হয়ে ১২০-র বেশি ম্যাচ, ৫৩ গোল। বিশ্বকাপ (World Cup) খেলতে চান আরও একবার। সতীর্থরা চাইছেন ২০২৭ আফকনেও থাকুন। কোচ পাপে থিয়াউ (Pape Thiaw) প্রকাশ্যেই জানিয়েছেন, দেশ মানের সিদ্ধান্ত মানতে রাজি নয়।
হয়তো খেলবেন, হয়তো খেলবেন না। কিন্তু একটা বিষয় নিশ্চিত—কেরিয়ারের শেষ লগ্নে পৌঁছে সাদিও মানে শুধু ফুটবলার নন। আফ্রিকার জাগ্রত বিবেক। মাঠে যেমন, তেমনই মাঠের বাইরে। নায়ক থেকে আইকনে রূপান্তরের এই পথটা কেউ শেখায়নি। তিনি নিজেই বানিয়েছেন, নিজের হাতে।