আর্জেন্তিনার কাছে পরাস্ত হতে হয়েছে। অটোমেটিক কোয়ালিফিকেশনে জন্য যত পয়েন্ট দরকার, তার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে দল। বারবার কোচ পরিবর্তন। খেলোয়াড়দের মনে অসন্তোষ। একটা গা ছাড়া ভাব।

ব্রাজিল
শেষ আপডেট: 11 June 2025 10:51
দ্য ওয়াল ব্যুরো: রিয়াল মাদ্রিদের (Real Madrid) কুর্সি ছেড়ে ব্রাজিলের (Brazil) মসনদে বসার পর প্রথম ম্যাচেই সমর্থকদের নিষ্প্রাণ, গোলশূন্য ড্র ‘উপহার’ দেন নয়া ম্যানেজার কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)।
দু’নম্বর ম্যাচেই পেলেন জয়ের স্বাদ। আর তা এনে দিলেন পুরনো ছাত্র ভিনিসিয়াস জুনিয়র (Vinicious Junior)। আগামী বছর আমেরিকা, কানাডা ও মেক্সিকো জুড়ে বসতে চলেছে বিশ্বকাপের (FIFA World Cup) আসর। তার যোগ্যতা নির্ধারণকারী ম্যাচে আজ প্যারাগুয়েকে পরাজিত করল ব্রাজিল। পেল বিশ্বকাপে খেলার ছাড়পত্র।
একদম প্রথম থেকে আজ পর্যন্ত সমস্ত ওয়ার্ল্ড কাপে খেলার সুযোগ পেয়েছে লাতিন আমেরিকার এই দেশ। এ রেকর্ড অনন্য, বিরল। জিতেছে পাঁচটি বিশ্বকাপ। ছ’নম্বর খেতাব ঘরে ঢুকবে কি না—তার চেয়েও গুরুতর দুশ্চিন্তা ইদানীং ব্রাজিল-ভক্তদের তাড়া করে বেরিয়েছিল। সেটা হচ্ছে: আদৌ বিশ্বকাপে নামতে পারবেন তো নেইমার, ভিনিসিয়াসরা?
আর্জেন্তিনার কাছে পরাস্ত হতে হয়েছে। অটোমেটিক কোয়ালিফিকেশনে জন্য যত পয়েন্ট দরকার, তার থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে দল। বারবার কোচ পরিবর্তন। খেলোয়াড়দের মনে অসন্তোষ। একটা গা ছাড়া ভাব।
এই সমস্ত রোগ সারাতেই কার্যত ‘প্রথা’ ভেঙে স্বদেশি কোচের বদলে ইতালীয় ম্যানেজার কার্লো অ্যান্সেলোত্তিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্রাজিলের ফুটবল সংস্থা। কার্লো গত বছর রিয়ালে ছিলেন। ট্রফি জেতেননি ঠিকই। কিন্তু দীর্ঘদিন ধরে ফুটবলের সঙ্গে যুক্ত, পোড়খাওয়া ম্যানেজার।
যদিও জার্নির শুরুটা খুব একটা ভাল হয়নি। দিনকয়েক আগেই ইকুয়েডর ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। চাপ আরও বাড়ে। আজকের লড়াইয়ের আগে খবর আসে, উরুগুয়ে ভেনেজুয়েলাকে দু’গোলে পরাজিত করেছে। যার অর্থ, কাঠখড় না পুড়িয়ে বিশ্বকাপে খেলতে হলে প্যারাগুয়েকে হারাতেই হবে।
এই লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুটা বেশ মন্থরভাবেই করেছিল ব্রাজিল। সেভাবে গোলের রাস্তা খোলেনি। বরং, প্রতি আক্রমণে ভয়ংকর হয়ে উঠছিল প্যারাগুয়ে। সোনার সুযোগ আসে ৩৫ মিনিটে। ওপেন হেডার থেকে গোল করতে ব্যর্থ হন সদ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া ম্যাথিউস কুনহা।
যদিও সমর্থকদের আপশোস পুষিতে দেন ৪৪তম মিনিটে। বার্সেলোনার উইঙ্গার রাফিনহা একক দক্ষতায় প্যারাগুয়ে মিডফিল্ডকে ছিন্নভিন্ন করেন। বল বাড়ান কুনহাকে। যিনি ফাইনাল পাস ভিনিয়িয়াস জুনিয়কে লক্ষ করে ঠেলে দিলে রিয়াল মাদ্রিদের তারকা গোল করতে ভুল করেননি।
এই জয়ের সুবাদে দক্ষিণ আমেরিকার টেবিলে ১৬ ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে উঠে এল ব্রাজিল। হিসেব অনুযায়ী, সেরা ছ’টি দল বিশ্বকাপে নামার সরাসরি ছাড়পত্র পাবে; আর কোনও নির্ণায়ক পরীক্ষায় বসতে হবে না। পরের ম্যাচগুলি হারলেও অঙ্কের হিসেবে সেরা ছয়ে ব্রাজিলের জায়গা পাকা। অন্যদিকে আজকের ম্যাচের বিজিত দল প্যারাগুয়েও বিশ্বকাপে নামতে পারে। কিন্তু এর জন্য তাদের অন্তত এক পয়েন্ট পেতে হবে।