বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় লিগ এখন ডিজিটাল পরিসরে বড় বাজি ধরছে। সিঙ্গাপুরে পরীক্ষামূলক সূচনা। সফল হলে, খেলা দেখার চিরাচরিত অভ্যাস বদলে যেতে পারে।

ছবি: গুগল
শেষ আপডেট: 28 February 2026 13:33
দ্য ওয়াল ব্যুরো: ফুটবল দেখার ধরন বদলাতে চলেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ (English Premier League) আগামী মরসুম থেকেই নিজস্ব স্ট্রিমিং পরিষেবা চালু করার প্রস্তুতি নিয়ে ফেলেছে৷ নাম—প্রিমিয়ার লিগ প্লাস (Premier League Plus)। শুরু ২০২৬-২৭ মরসুম থেকে। প্রথমে সিঙ্গাপুর (Singapore)। সাফল্য মিললে ধাপে ধাপে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এই মডেল।
এতদিন পর্যন্ত প্রিমিয়ার লিগ সম্প্রচারের অধিকার ছিল থার্ড পার্টি ব্রডকাস্টারদের কাছে। ভারতে জিওস্টার (JioStar), ইংল্যান্ডে স্কাই স্পোর্টস (Sky Sports)—এমন সংস্থাই দর্শকদের একমাত্র ভরসা। কিন্তু আপাতত এই সিস্টেমে ছেদ এনে সরাসরি গ্রাহকের কাছে পৌঁছনোর পরিকল্পনা নেওয়া হচ্ছে।
লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স (Richard Masters) লন্ডনে ফিনান্সিয়াল টাইমস বিজনেস অফ ফুটবল সামিটে (Financial Times Business of Football Summit) বলেন, ‘এটি দীর্ঘ চিন্তাভাবনার ফল। প্রথমবার প্রিমিয়ার লিগের নিজস্ব গ্রাহক থাকবে। প্রচার, মূল্য নির্ধারণ, সাবস্ক্রিপশন ধরে রাখা—সব কিছু আমাদেরই সামলাতে হবে। শুধু সম্প্রচার নয়, আমরা একটি ব্যবসা গড়তে চাই।’
সিঙ্গাপুরে আগামী মরসুম থেকে ৩৮০টি ম্যাচই সরাসরি স্ট্রিম করা হবে। অর্থাৎ, পুরো লিগ এক প্ল্যাটফর্মে। সাফল্য মিললে অন্য দেশেও একই মডেল চালুর কথা ভাবা হবে। মাস্টার্সের কথায়, ‘আগে ফলাফল দেখি। তারপর সিদ্ধান্ত।’
প্রিমিয়ার লিগ বিশ্বের জনপ্রিয়তম ফুটবল লিগ। প্রায় ১৮৯টি দেশে প্রায় ১.৮৭ বিলিয়ন দর্শক নিয়মিত ম্যাচ দেখেন। এই বিশাল বাজারকে সরাসরি সাবস্ক্রিপশন মডেলে আনার চেষ্টা নতুন ব্যবসায়িক দিগন্ত খুলতে পারে। একই সঙ্গে বাড়বে নিয়ন্ত্রণও—কন্টেন্ট, বিজ্ঞাপন, প্রোডাকশন—সব কিছুতেই লিগের সরাসরি ভূমিকা থাকবে।
স্ট্রিমিংয়ের পাশাপাশি ওয়েস্ট লন্ডনের অলিম্পিয়ায় (Olympia, West London) নতুন প্রিমিয়ার লিগ স্টুডিওস (Premier League Studios) হাব তৈরির ঘোষণা করা হয়েছে। এতে প্রোডাকশন সক্ষমতা বাড়বে। ভবিষ্যতের ডিজিটাল সম্প্রচারের জন্য পরিকাঠামোও শক্তিশালী করা হবে।
অবশ্য বিশেষজ্ঞদের মতে, এই মডেল নতুন নয়। ফর্মুলা ওয়ান (Formula 1) ২০১৮ সালে চালু করেছিল এফ১ টিভি প্রো (F1 TV Pro)। ধীরে ধীরে তা বিভিন্ন দেশে বিস্তৃত হয়েছে। গত বছর জুড়েছে প্রিমিয়াম লেভেল। ফ্রান্সের লিগ ওয়ান (Ligue 1) সম্প্রতি লিগ ওয়ান প্লাস (Ligue 1+) নামে নিজস্ব পরিষেবা শুরু করেছে। সম্প্রচার-সঙ্গী না পেয়ে সরাসরি গ্রাহকভিত্তিক পথে হাঁটার সিদ্ধান্ত নেয় তারা। প্রথম মাসে সাবস্ক্রাইব করেছেন দশ লক্ষ দর্শক।
প্রিমিয়ার লিগের এই পদক্ষেপ বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। তৃতীয় পক্ষের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি দর্শকের কাছে পৌঁছনোর চেষ্টা। তবে ঝুঁকিও কম নয়। সাবস্ক্রিপশন মূল্য, প্রযুক্তিগত স্থিতি, বাজারভেদে মূল্য সংবেদনশীলতা—সবই বড় চ্যালেঞ্জ। তবু স্পষ্ট, বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় লিগ এখন ডিজিটাল পরিসরে বড় বাজি ধরছে। সিঙ্গাপুরে পরীক্ষামূলক সূচনা। সফল হলে, খেলা দেখার চিরাচরিত অভ্যাস বদলে যেতে পারে।