ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন উহান জিয়াংদা ডব্লিউএফসি (চিন), বাম খাতুন এফসি (ইরান) এবং পিএফসি নাসাফ (উজবেকিস্তান)।

ইস্টবেঙ্গল মহিলা দলের ফাইল ছবি
শেষ আপডেট: 11 September 2025 19:33
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক মরশুম ধরে ইস্টবেঙ্গলের (East Bengal) পুরুষ ফুটবল দল ব্যর্থতা আর হতাশা ছাড়া কিছুই এনে দিতে পারেনি। তবে সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে লাল-হলুদের মহিলা ব্রিগেড। ইন্ডিয়ান ওমেন্স লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে লেসলি ক্লডিয়াস সরণির মহিলা ব্রিগেড নেমেছিল এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে। সেখানেও অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সঙ্গীতা বাসফোর, সৌম্যা গুগলথরা এবার খেলবেন টুর্নামেন্টের মূল পর্বে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এএফসি হাউসে এদিন অনুষ্ঠিত হল মূল পর্বের ড্র (AFC Women's Champions League’s Draw)। ড্র অনুযায়ী যথেষ্ট শক্তিশালী গ্রুপে পড়েছে মশাল ব্রিগেড।
ইস্টবেঙ্গল রয়েছে এফসি ২০২৫-২৬ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বি-তে। এই গ্রুপে রয়েছে আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন উহান জিয়াংদা ডব্লিউএফসি (চিন), বাম খাতুন এফসি (ইরান) এবং পিএফসি নাসাফ (উজবেকিস্তান)। ইরানের বাম খাতুন গতবারের কোয়ার্টার ফাইনালিস্ট। পাশাপাশি গ্রুপের অপর দল পিএফসি নাসাফ উজবেকিস্তানের মহিলা লিগের ১৬ বারের চ্যাম্পিয়ন। ইস্টবেঙ্গল আগস্টের শেষের দিকে কম্বোডিয়ার নম পেনে অনুষ্ঠিত প্রাথমিক পর্যায়ে নিজেদের গ্রুপে শীর্ষে থাকার পর মূল পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে।
গ্রুপ সম্পর্কে বলতে গিয়ে, ইস্টবেঙ্গলের হেডস্যার অ্যান্থনি অ্যান্ড্রুজ বলেছেন, "আমাদের একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এই গ্রুপে যে দলগুলি রয়েছে, প্রত্যেকেই উচ্চ মানসম্পন্ন। আমরা পুরোপুরি সচেতন যে, সামনের চ্যালেঞ্জটি সহজ হবে না। তবে, আমাদের লক্ষ্য স্পষ্ট- শৃঙ্খলার সঙ্গে প্রস্তুতি নেওয়া, আবেগের সঙ্গে প্রতিযোগিতা করা এবং আমাদের ক্লাব, আমাদের সমর্থকদের এবং আমাদের দেশের হয়ে গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করা। আমাদের জন্য, এটি শুধু প্রতিযোগিতা নয়, বরং এই মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে আমাদের পরিচয়, আমাদের মূল্যবোধ এবং ইস্টবেঙ্গলের লড়াইয়ের ইতিহাস তুলে ধরা আমাদের প্রধান লক্ষ্য।"
এডব্লিউসিএল গ্রুপ বি-এর ম্যাচগুলি ১৭ নভেম্বর ২০২৫ থেকে ২৩ নভেম্বর ২০২৫-এর মধ্যে চিনের উহানে অনুষ্ঠিত হবে। তিনটি গ্রুপের বিজয়ী, তিনটি গ্রুপ রানার্সআপ এবং দু’টি সেরা তৃতীয় স্থান অধিকারী দল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠবে।
ইস্টবেঙ্গলের ম্যাচের সূচি
১৭ নভেম্বর: বাম খাতুন
২০ নভেম্বর: উহান জিয়াংদা এফসি
২৩ নভেম্বর: পিএফসি নাসাফ