
ফাইল ছবি
শেষ আপডেট: 11 April 2025 19:25
দ্য ওয়াল ব্যুরো: ছেলেরা চরম ব্যর্থ। গোটা মরশুমে কোনও ছাপ ফেলতে পারেনি। কিন্তু উজ্জ্বল ইস্টবেঙ্গলের (East Bengal FC) মেয়েরা। ইন্ডিয়ান ওয়মেন লিগ (IWL 2025) চ্যাম্পিয়ন হল তাঁরা। শুক্রবার ওড়িশা এফসি-কে ১-০ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল লাল-হলুদ বাহিনী।
ইস্টবেঙ্গল পুরুষ দল আইএসএল-এ ৯ নম্বরে শেষ করেছে এবারও। গত ৪ মরশুম ধরেই তাঁরা টানা ব্যর্থ। মাঝে সুপার কাপ জিতলেও দেশের এক নম্বর লিগে এখনও দাগ কাটতে পারেনি লাল-হলুদ বাহিনীর পুরুষরা। কিন্তু মেয়েরা করে দেখাল। ভারতসেরা হয়ে এবার এশিয়ায় খেলার সুযোগ অর্জন করল ইস্টবেঙ্গল।
এবার বাংলা থেকে দুটি দল ওয়মেন লিগ খেলার সুযোগ পেয়েছিল। একটি ইস্টবেঙ্গল, অন্যটি শ্রীভূমি। সেখানে বাংলার নাম উজ্জ্বল করল লাল হলুদ। এই প্রথমবার এই ট্রফি জিতল ইস্টবেঙ্গল। মোট ১২ ম্যাচের মধ্যে ১০টিতে জয় এবং একটি ড্র, একটি হার। রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছে তাঁরা।
লাল-হলুদের ছেলের সাম্প্রতিক সাফল্য বলতে ২০২৪ সালের সুপার কাপ জয়। সেটা জিতেই এশিয়ায় খেলতে গেছিল তাঁরা। কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাঁদের। এদিকে ডুরান্ড কাপ, আইএসএল দুটিতেই ব্যর্থতা সঙ্গী তাঁদের। কিন্তু সম্পূর্ণ অন্য জায়গায় এখন রয়েছেন লাল-হলুদের মেয়েরা।