
ইস্টবেঙ্গল এফসি বনাম মহমেডান স্পোর্টিং ক্লাব
শেষ আপডেট: 9 November 2024 13:27
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। এই প্রথমবার আইএসএল ময়দানে একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি এবং মহমেডান স্পোর্টিং ক্লাব। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের আয়োজন করা হবে। তবে ম্যাচ শুরু হওয়ার আগে দেখে নেওয়া যাক, কোন দলের দৌড় কত দূর?
পয়েন্ট তালিকায় এই দুটো দলই যে একেবারে স্বস্তির জায়গায় নেই, তা বলাই বাহুল্য। এই প্রথম আইএসএল মরশুমে বাংলার তিন প্রধান ফুটবল স্তম্ভই অংশগ্রহণ করেছে। এরমধ্যে ১৩ পয়েন্ট নিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট দ্বিতীয় স্থানে থাকলেও, শেষ দুটো স্থানে যথাক্রমে রয়েছে মহমেডান স্পোর্টিং এবং ইস্টবেঙ্গল এসসি।
প্রথমে মহমেডানের কথায় আসা যাক। টুর্নামেন্টের শুরুটা তারা বেশ ভালই করেছিল। কিন্তু, মোহনবাগান মিনি ডার্বির পর থেকেই তারা খেই হারিয়ে ফেলে। আপাতত শেষ তিনটে ম্যাচ হারার পর পয়েন্ট টেবিলের মতো তাদের আত্মবিশ্বাসও অনেকটাই নীচে নেমে গিয়েছে। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল ম্যাচ তারা যে কোনও মূল্যে জিততে চাইবে।
প্রসঙ্গত, হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে শেষ ম্য়াচটা খেলতে নেমেছিল মহমেডান স্পোর্টিং। কিন্তু, এই ম্য়াচে তারা চার গোল খেয়ে যায়। ফলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ব্ল্যাক প্যান্থার্সদের ডিফেন্স কেমন হয়, সেদিকেই সকলে তাকিয়ে থাকবে। এমনকী, দলের কোচ আন্দ্রে চেরনিশভও এই বিষয়টার উপর বেশি করে জোর দিয়েছেন।
এবার ইস্টবেঙ্গলের দিকে তাকানো যাক। ২০২৪-২৫ আইএসএল মরশুমে লাল-হলুদ ব্রিগেড একেবারেই কাঙ্খিত পারফরম্য়ান্স করতে পারেনি। প্রথম ৬ ম্য়াচ তারা খেললেও, জয়ের মুখ তারা এখনও পর্যন্ত দেখতে পায়নি। অন্য দলগুলোর থেকে তুলনামূলকভাবে দুর্বল মহমেডানের চক্রব্যুহ তারা ভাঙতে পারে কি না, সেদিকেই দলের সমর্থকরা তাকিয়ে রয়েছেন।
সত্যি কথা বলতে কী, ইস্টবেঙ্গলের পিঠ ইতিমধ্যেই দেওয়ালে ঠেকে গিয়েছে। এই পরিস্থিতিতে শনিবাসরীয় (৯ নভেম্বর) ম্যাচে তাদের সামনে জয় ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই। এই ম্যাচটাও তারা যদি হেরে যায়, তাহলে শেষ ৬-য়ে ওঠা তাদের সামনে বেশ কঠিন হয়ে যাবে।
তবে এই ম্য়াচ খেলতে নামার আগে ইস্টবেঙ্গলের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ রয়েছে। অস্কার ব্রুজোঁ দলের দায়িত্ব গ্রহণ করার পর এএফসি চ্যালেঞ্জ লিগে তারা দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। বসুন্ধরা কিংস এবং নেজমা এসসি-কে হারিয়ে তারা টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে। এই আত্মবিশ্বাস আইএসএল টুর্নামেন্টে মশালবাহিনীর কাছে অক্সিজেনের কাজ করবে বলেই সকলে মনে করছেন।
এক্ষেত্রে বলে রাখা ভাল, মিনি ডার্বিতে ইস্টবেঙ্গল জয়লাভ করলেও, পয়েন্ট টেবিলে কোনও ফারাক দেখতে পাওয়া যাবে না। কারণ সাদা-কালো ব্রিগেড গত ৬ ম্য়াচের ম্যাচে একটায় জিতেছে এবং একটা ড্র করেছে। সেকারণে তারা ৪ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল যেহেতু এখনও কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি, তাই এই ম্য়াচটা জিতলেও তারা ৩ পয়েন্ট পাবে। সেক্ষেত্রে পয়েন্ট তালিকায় কোনও পরিবর্তন দেখা যাবে না। তবে এই একটা জয়ই যে লাল-হলুদ ব্রিগেডকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, তা নিশ্চিন্তে বলা যেতে পারে।