
রেফারির লাল কার্ড নিয়ে ক্ষেপে আগুন দেবব্রত সরকার
শেষ আপডেট: 13 December 2024 16:21
দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ওড়িশার বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড ২-১ গোলে পরাস্ত হয়েছে। কিন্তু, রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্কের আগুন এখনও জ্বলছে। সেই আগুনেই ঘৃতাহুতি দিলেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
ম্যাচের ৪২ মিনিটে ইস্টবেঙ্গল এফসি-র ফুটবলার জিকসন সিং ওড়িশার ফুটবলার দিয়েগো মরিশিওকে ট্যাকল করেছিলেন। সেকারণে তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। অনেকেই মনে করছেন, এই জায়গায় দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল-কার্ড দেখিয়ে রেফারি একটু বাড়াবাড়িই করে ফেলেছেন। অনেকে তো আবার পক্ষপাতিত্বের অভিযোগও তুললেন।
এবার সেই সুরেই সুর মেলালেন দেবব্রত সরকার। তিনি বললেন, 'এমন অনেক ঘটনা রয়েছে যেখানে আমরা হলুদ কার্ড দেখেছি, ওদের দেখানো হয়নি। যেটা ফাউল হওয়াই উচিত নয়, সেখানে আমাদের ফাউল দেওয়া হয়েছে। আমি মনে করি যে রেফারি রিক্রুট করতে না পেরে আমরা একটা ভুল করে ফেলেছি। হয়ত অন্যান্য দলগুলো এটা করতে পেরেছে। এটা আমাদের ব্যর্থতা।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এমন রেফারি থাকলে আমাদের আর কীই বা করার আছে। আমরা তো এই পরিস্থিতিতে আর কিছু করতে পারব না। আমার মনে হয়, রেফারিদের বোধহয় বিশেষ কোনও নির্দেশ দেওয়া রয়েছে। কিন্তু, কে এই নির্দেশ দিচ্ছে, সেটা আমরা ধরতে পারছি না। আপনারা পারলে অবশ্যই জানাবেন। সেক্ষেত্রে আমরা যথাযথ পদক্ষেপ নেব।'
শেষবেলায় দেবব্রত সরকার যোগ করেন, 'আমাদের দলে যতই তারকা ফুটবলার খেলুক না কেন, এমন রেফারিং হলে কিছুই করার থাকবে না। উচ্চ কর্তৃপক্ষের কাছে জানিয়েও কোনও লাভ হয়নি। এরপর হয়ত রাস্তায় নামতে হবে।'