
এফকে আর্কাদাগ বনাম ইস্টবেঙ্গল এফসি
শেষ আপডেট: 2 November 2024 20:38
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ফুটবলকে ইতিমধ্যে গর্বিত করেছে ইস্টবেঙ্গল এফসি। ২০২৪-২৫ এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্যায়ে তারা শীর্ষস্থান দখল করেছে লাল-হলুদ ব্রিগেড। প্রথম ম্য়াচে তারা পারো এফসি-র বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছিল। এরপর দুটো ম্যাচে বসুন্ধরা কিংস এবং নেজমা এসসি-র বিরুদ্ধে দুরন্ত জয়লাভ করে অস্কার ব্রুজোঁর দল।
আর সেইসঙ্গে ইস্টবেঙ্গলের ঝুলিতে এসেছে ৭ পয়েন্টস এবং এ গ্রুপেও তারা শীর্ষস্থান দখল করেছে। সবথেকে বড় কথা, টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সরাসরি যোগ্যতা অর্জন করেছে লাল-হলুদ ব্রিগেড। এএফসি প্রতিযোগিতার এই নয়া নিয়ম অনুসারে, কোনও শেষ ১৬-র লড়াই হবে না। আটটা দল গ্রুপ পর্যায় থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে।
তবে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের লড়াই কিন্তু একেবারে সহজ হবে না। তুর্কমেনিস্তানের দল এফকে আর্কাদাগের বিরুদ্ধে লড়াই করতে হবে তাদের। এই টুর্নামেন্টে বি গ্রুপের শীর্ষস্থান দখল করেছে তুর্কমেনিস্তানের এই শক্তিশালী ফুটবল দল। তারাও তিনটের মধ্যে জোড়া ম্য়াচে জয়লাভ করেছে। আল-আরাবি এবং আবদিশ-আতা কান্তের গোলে তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল এফসি-কে দুটো লেগ মিলিয়ে একটি হোম ম্য়াচ এবং একটি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। আগামী বছর ৫ মার্চ প্রথম লেগের ম্যাচ আয়োজন করা হবে। এই ম্য়াচটি কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে। ঠিক এক সপ্তাহ পর অর্থাৎ ১২ মার্চ আর্কাদাগ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্য়াচ আয়োজন করা হবে।
শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাব এই ইস্টবেঙ্গল এফসি। বর্তমানে এএফসি চ্যালেঞ্জ লিগে তারা অন্যতম প্রাচীন ফুটবল ক্লাব। কিন্তু, আর্কাদাগের বয়স অতটাও বেশি নয়। ২০২৩ সালে তুর্কমেনিস্তানের এই ফুটবল ক্লাবের জন্ম হয়। প্রতিষ্ঠা করেন গুরবাঙ্গুলি বার্দিমুহামেদাও। তিনি আবার তুর্কমেনিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। পাশাপাশি তুর্কমেনিস্তানের পিপলস কাউন্সিলের বর্তমান প্রেসিডেন্ট
তবে এই সংক্ষিপ্ত ইতিহাসেই একাধিক সাফল্য অর্জন করেছে ক্লাবটি। গত বছর এবং এই বছর তুর্কমেনিস্তানের টপ ডিভিশন টুর্নামেন্ট ইয়োকারি লিগার খেতাব জয় করে। পাশাপাশি ২০২৩ সালে তুর্কমেনিস্তান কাপের খেতাবও তাদের ঝুলিতে আসে। ক্লাবের মাথার উপর দেশের প্রাক্তন প্রেসিডেন্টের প্রত্যক্ষ হাত রয়েছে।
তবে এই প্রথমবার আর্কাদাগ এএফসি প্রতিযোগিতার চ্যালেঞ্জ লিগে অংশগ্রহণ করেছে। গ্রুপ পর্বে তারা মাজিয়া ফুটবল ক্লাব এবং আবদিশ-আতা কান্তের বিরুদ্ধে জয়লাভ করেছে। তিনটে ম্য়াচে তারা মোট ৬ গোল করেছে।
গত ইয়োকারি লিগা মরশুমে অভাবনীয় সাফল্য অর্জন করেছে এফকে আর্কাদাগ। তারা এখনও পর্যন্ত মোট ২৬ ম্য়াচে জয়লাভ করেছে। গোল করেছে ১২৬টি। মাত্র ১৯ গোল তারা হজম করেছে।
আর্কাদাগ ফুটবল ক্লাবের বিশেষত্ব হল যে এই দলে শুধুমাত্র তুর্কমেনিস্তানের ফুটবলাররাই খেলেন। শুধুমাত্র দুজন ফুটবলার ইলিয়া তামুরকিন (তুর্কমেনিস্তান এবং রাশিয়া) এবং অধিনায়ক আর্সলানমুরাদ আমানোভের (তুর্কমেনিস্তান এবং কাজাখস্তান) দ্বৈত নাগরিকত্বের বাবা-মা রয়েছেন। কিন্তু, তাঁরা অবশ্য তুর্কমেনিস্তানের নাগরিক।