
ইস্টবেঙ্গল এফসি-র মিডফিল্ডার হেক্টর ইউস্তে
শেষ আপডেট: 4 November 2024 15:31
দ্য ওয়াল ব্যুরো: ইস্টবেঙ্গল ক্লাবে আপাতত সুখের সময় চলছে। এএফসি চ্যালেঞ্জ লিগে তারা ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে। কিন্তু, ইন্ডিয়ান সুপার লিগে অবস্থা ভাঁড়ে মা ভবানী! গত ৬ ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল একটাতেও জিততে পারেনি। অস্কারের কোচিংয়ে এবার কি ভাগ্যের চাকা ঘুরবে ইস্টবেঙ্গলের? সেটা আপাতত সময়ই বলবে।
আইএসএল টুর্নামেন্টে এবার ইস্টবেঙ্গলকে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে হবে। কলকাতা ময়দানে এই ম্য়াচ 'মিনি ডার্বি' হিসেবে পরিচিত। এবারের আইএসএল টুর্নামেন্টে অভিষেক হয়েছে মহমেডানের। শুরুর দিকে তারা মোটামুটি ভাল পারফরম্য়ান্স করলেও, গত তিনটে ম্যাচ তারা জিততে পারেনি। পাশাপাশি পয়েন্ট তালিকার শেষ দুটো স্থানে যথাক্রমে মহমেডান স্পোর্টিং এবং ইস্টবেঙ্গল এফসি রয়েছে।
তবে এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড খেলতে নামার আগে এক অজানা আশঙ্কার কালো মেঘ জমা হতে শুরু করেছে। আগামী ম্যাচে আদৌ খেলতে পারবেন ইস্টবেঙ্গলের মিডিও জেনারেল হেক্টর ইউস্তে?
আসলে এএফসি চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা এফসির বিরুদ্ধে। এই ম্যাচে খেলতে নেমেই চোট পেয়েছিলেন হেক্টর। ৫৫ মিনিট খেলার শেষেই তিনি মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। নেজমা এসসি-র বিরুদ্ধেও ৪৮ মিনিট পর মাঠ ছাড়েন তিনি। কলকাতায় পা রাখতে না রাখতেই চিকিৎসার জন্য স্পেনে পাড়ি দেন। শোনা যাচ্ছে, ৭ কিংবা ৮ তারিখে তিনি কলকাতায় ফিরে আসবেন।
লাল-হলুদ ব্রিগেডের পক্ষ থেকে আপাতত আশা করা হচ্ছে, মিনি ডার্বির আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন হেক্টর। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে হেক্টর যদি মাঝমাঠ সামলান, তাহলে দলের শক্তি যে অনেকটাই বাড়বে, তা নিশ্চিন্তে বলা যেতে পারে।