
এই ম্যাচেও কি গোল পাবেন মাদিহ তালাল?
শেষ আপডেট: 29 October 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: অস্কার ব্রুজোঁর কোচিংয়ে এখনও পর্যন্ত একটাও ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল এফসি। মঙ্গলবার (২৯ অক্টোবর) তারা ২০২৪-২৫ এএফসি চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে খেলতে নামবে।
গত ম্য়াচে কঠিন লড়াইয়ের পর ভূটানের ফুটবল ক্লাব পারো এফসি-র বিরুদ্ধে ড্র করেছে লাল-হলুদ ব্রিগেড। কিন্তু, জয় ছাড়া অন্য কোনও ফলাফলেই সন্তুষ্ট নন ব্রুজোঁ। এবার বসুন্ধরা কিংসের বিরুদ্ধে সেই কাঙ্খিত জয় আসে কি না, সেটাই আপাতত দেখার।
তবে এই লড়াই শুরু হওয়ার আগে ইস্টবেঙ্গল দলের অভিজ্ঞ ফুটবলার হেক্টর ইউস্তে বললেন, 'আমাদের দলটা ক্রমশ উন্নতির পথে এগোচ্ছে। আমাদের সামনে জয় ছাড়া আর কোনও বিকল্প রাস্তা খোলা নেই। মঙ্গলবারের ম্যাচটা জেতার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব।'
উল্লেখ্য, চ্যালেঞ্জ লিগে পাঁচটি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দল সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে। তিনটি সেরা দ্বিতীয় স্থানাধিকারী দলও কোয়ার্টার ফাইনালে যাবে। এই পরিস্থিতিতে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে জিততে পারলেই, মশালবাহিনীর কোয়ার্টার ফাইনাল কার্যত নিশ্চিত হয়ে যাবে। ইস্টবেঙ্গল সেই অসাধ্যসাধন কি করতে পারবে? সেদিকেই আপাতত লাল-হলুদ সমর্থকরা তাকিয়ে রয়েছেন।