ময়দানের পোড় খাওয়া প্রাক্তন গোলরক্ষক সন্দীপকে নিয়োগের আগে রীতিমতো পরীক্ষা নিয়েছেন ব্রুজোঁ ও সিংতো।

সন্দীপ নন্দী
শেষ আপডেট: 29 June 2025 16:56
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছরে ইস্টবেঙ্গেলর সিনিয়র ফুটবল দল মানেই ধারাবহিক ব্যর্থতা আর সমর্থকদের হাতাশা। তবে লাল-হলুদ জনতাকে ধন্যবাদ দিতেই হবে, কারণ তাঁরা সবসময় ক্লাবের পাশেই থেকেছেন।
তবে এবার ব্যর্থতার তকমা মুছে ফেলতে মরিয়া পদ্মা পাড়ের ক্লাব। ইনভেস্টর থেকে ক্লাব কর্তা, সবাই মিলে কোমর বেঁধে নেমে পড়েছেন সাফল্য আনতে। ফের আশায় বুক বাঁধতে শুরু করে দিয়েছেন ক্লাব সমর্থকরা।
আসন্ন মরশুমের অনেক আগে থেকেই দল গোছানো শুরু করে দিয়েছে মশাল ব্রিগেড। ইতিমধ্যে বিদেশি-সহ বেশ কিছু ফুটবলারের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে। এই বিষয়ে ক্লাবকে পরামর্শ দিয়েছেন দলের চাণক্য অস্কার ব্রুজোঁ। তাঁকে নতুন ফুটবলার খুঁজতে সাহায্য করেছেন ইস্টবেঙ্গলের হেড অব ফুটবল থাংবোই সিংতো।
এবার ক্লাব সূত্রে জানা গেল, বাংলা ও জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক সন্দীপ নন্দীকে (East Bengal Goal Keeper Coach Sandip Nandy) নিয়োগ করা হয়েছে গোলরক্ষক কোচ হিসাবে। ময়দানের পোড় খাওয়া প্রাক্তন গোলরক্ষক সন্দীপকে নিয়োগের আগে রীতিমতো পরীক্ষা নিয়েছেন ব্রুজোঁ ও সিংতো।
বর্ধমানের সন্দীপ ছেলেবেলায় চেয়েছিলেন স্ট্রাইকার হতে। শিশির ঘোষ ছিলেন তাঁর আদর্শ। অমল দত্তর কোচিংয়ে একটি ম্যাচে তাঁকে স্ট্রাইকার হিসাবেও দেখা গিয়েছিল। তবে গোলরক্ষক হিসাবেই তিনি ময়দানের দুই প্রধান-সহ জাতীয় দলের দুর্গ রক্ষা করেছেন সুনামের সঙ্গে।
বড় দলে খেলার আগেই জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন সন্দীপ। তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল সোনালি শিবির-মোহনবাগান ম্যাচ। এরপরই তিনি সুযোগ পেয়ে যান জাতীয় দলে। মেন ইন ব্লুজের হয়ে খেলেছেন ৫৪টি ম্যাচ। তাঁর ক্যাবিনেটে রয়েছে জাতীয় লিগ, আই লিগ-সহ অসংখ্য ট্রফি। তবে সন্দীপের কেরিয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হল ইস্টবেঙ্গলের জার্সিতে আশিয়ান কাপ জয়।
এই প্রাক্তন গোলরক্ষক ইস্টবেঙ্গল ছাড়াও চুটিয়ে খেলেছেন মোহনবাগান, চার্চিল ব্রাদার্স, মাহিন্দ্রা ইউনাইটেডে। কেরিয়ারের শেষ প্রান্তে এসে সুভাষ ভৌমিকের কোচিংয়ে চার্চিলের হয়ে জিতেছিলেন আই লিগ। তবে কোচ হিসাবেও তাঁর কেরিয়ার যথেষ্ট উজ্জ্বল। নর্থ ইস্ট ইউনাইটেড, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, রাজস্থান ইউনাইটেডে তাঁকে দেখা গিয়েছে কোচ হিসাবে।