মোহনবাগান সমর্থকরা আত্মবিশ্বাসী ছিলেন যে, এদিন তাঁদের প্রিয় দলই জিতবে। কিন্তু দল যে ৫-১ গোলে জিতবে সেটা কেউই ভাবতে পারেননি। যুবভারতীতে এদিন অনবদ্য খেলল মোলিনার ছাত্ররা।

ডুরান্ডের শেষ আটে মোহনবাগান
শেষ আপডেট: 9 August 2025 22:43
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগে সেরকম পারফরম্যান্স এবার করতে পারছে না মোহনবাগান (Mohunbagan)। কিন্তু সর্বভারতীয় ট্রফি মানেই উজ্জ্বল মেরিনার্স। গত কয়েক বছর ধরে এটাই যেন গোষ্ঠ পাল সরণির ক্লাবের ট্রেন্ড। এবারের ডুরান্ড কাপেও (Durand Cup) সেটাই হল। গুরুত্বপূর্ণ ম্যাচে ডায়মন্ড হারবারকে (Diamond Harbour) গোলের মালা পরিয়ে ডুরান্ডের শেষ আটে সবুজ-মেরুন ব্রিগেড।
মোহনবাগান সমর্থকরা আত্মবিশ্বাসী ছিলেন যে, এদিন তাঁদের প্রিয় দলই জিতবে। কিন্তু দল যে ৫-১ গোলে জিতবে সেটা কেউই ভাবতে পারেননি। যুবভারতীতে এদিন অনবদ্য খেলল মোলিনার ছাত্ররা। ডায়মন্ড হারবার এবার যথেষ্ট শক্তিশালী দল গড়েছে আই লিগ প্রথম ডিভিশন খেলার লক্ষ্য নিয়ে। এদিন তারা নেমেছিল গোল পার্থক্যে মোহনবাগানের থেকে এগিয়ে থেকেই। ড্র করলেই সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে যেত কিবু ভিকুনার ছাত্ররা। কিন্তু কামিংস, লিস্টনরা তাদের সেই সুযোগই দিলেন না।
একাধিক চোটা-আঘাত ও কার্ড সমস্যা নিয়ে আজ নেমেছিল মোহনবাগান। কিন্তু মাঠে তার কোন প্রতিফলনই দেখা গেল না।
১৪ মিনিটেই এগিয়ে যেতে পারত মেরিনার্স । কিন্তু হেলায় সেই সুযোগ নষ্ট করেন ম্যাকলারেন। সাহাল আবদুল সামাদের বাড়ানো বল বিপক্ষ গোলরক্ষকের হাতে মেরে বসেন তিনি। সাহালের অ্যাসিস্ট থেকে বাগানকে ১৯ মিনিটে এগিয়ে দেন অনিরুদ্ধ থাপা। তবে ২৪ মিনিটেই লুকা মাজেনের গোলে সমতায় ফেরে ডায়মন্ড হারবার।
৩৫ মিনিটে মোহনবাগানকে ২-১ গোলে এগিয়ে দেন ম্যাকলারেন। ৪৬ মিনিটে মিস করেন অলড্রেড। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাগান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন লিস্টন কোলাসো। ৬৪ মিনিটে পরিবর্ত হিসসা নামা জেসন কামিংসের বাড়ানো অনবদ্য পাস থেকে বল জালে জড়িয়ে দেন সাহাল।
৮০ মিনিটে কামিংসের গোলে ৫-১ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। এরপর আর কোনও গোল হয়নি।