
আজও ডো ডংয়ের সেই জোড়া ফ্রি-কিক লাল-হলুদ সমর্থকদের চোখের সামনে ভাসে
শেষ আপডেট: 7 November 2024 15:12
দ্য ওয়াল ব্যুরো: সালটা ছিল ২০১৫। ইস্টবেঙ্গলে খেলতে এসেছিলেন দক্ষিণ কোরিয়ার এক তরুণ ফুটবলার। নাম ডো ডং হিউন। প্রথমে সেভাবে কেউ পাত্তা দেয়নি। কিন্তু, মরশুমের প্রথম ডার্বিতেই তিনি ময়দান কাঁপিয়ে দেন।
ম্যাচের প্রথমার্ধে জোড়া ফ্রি-কিক মেরেছিলেন তিনি। আর দুটো শটই কার্যত কামান গোলার মতো মোহনবাগানের জালে জড়িয়ে যায়। আর সেইসঙ্গে সুনামির মতো আছড়ে পড়ে লাল-হলুদ সমর্থকদের ভালবাসা। রাতারাতি ইস্টবেঙ্গল সমর্থকদের 'নয়নমণি' হয়ে উঠেছিলেন দক্ষিণ কোরিয়ার এই অনামী ফুটবলার।
তারপর তো বাকিটা ইতিহাস। ২০১৫-১৬ মরশুমে তিনি ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলেছিলেন। প্রথম মরশুমেই তিনি কলকাতা ফুটবল লিগে ১০ ম্যাচে ১২ গোল করেছিলেন। এরইমধ্যে মোহনবাগানের বিরুদ্ধে ওই জোড়া ফ্রি-কিক ছিল।
২০১৬ সালের ১০ জানুয়ারি আই-লিগে ডেবিউ করেন ডো ডং। স্পোর্টিং ক্লাব ডি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল যে ৩-১ ব্যবধানে জিতেছিল, সেক্ষেত্রেও ডো ডংয়ের অ্যাসিস্ট ছিল চোখে পড়ার মতো। আই-লিগ ডার্বিতেও জোড়া গোল করেছিলেন ডো ডং। কিন্তু, ইস্টবেঙ্গলের তৎকালীন কোচ ট্রেভর জেমস মরগ্যানের গুডবুক থেকে ক্রমশ সরে যান তিনি। শেষপর্যন্ত ২০১৬ সালে ১৭ নভেম্বর ইস্টবেঙ্গল তাঁকে রিলিজ করে দেয়।
কিন্তু, ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলার এখন কোথায় রয়েছেন? কোন ক্লাবের হয়েই বা খেলছেন তিনি? ট্রান্সফারমার্কেট ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ডো ডং আপাতত জিয়ংনাম এফসি (Gyeongnam FC) ক্লাবের হয়ে খেলছেন। ভারতীয় ফুটবলে যত বিদেশি খেলতে এসেছেন, ডো ডং যে তাঁদের মধ্যে আলাদা জায়গা করে নিয়েছেন, তা বলা যেতেই পারে।