
ফুটবল বিশ্বের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
শেষ আপডেট: 6 September 2024 12:16
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হল। ফুটবল ইতিহাসে এমন অনন্য রেকর্ড আর কেউ কায়েম করতে পারেননি।
উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল পর্তুগাল। এই ম্যাচে গোল করেন রোনাল্ডো। আর সেইসঙ্গে একটি বড় রেকর্ড কায়েম করলেন তিনি। আর এমন একটি রেকর্ড কায়েম করে খুব স্বাভাবিকভাবেই রোনাল্ডো আবেগপ্রবণ হয়ে পড়েন।
উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়া বনাম পর্তুগাল ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৯০০ গোল করার কৃতিত্ব অর্জন করেছেন। বিশ্ব প্রথম ফুটবলার হিসেবে এই ৯০০ গোলের মালিক হলেন সিআর সেভেন। ক্লাব ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার মিলিয়ে রোনাল্ডো এই ৯০০টি গোল করেছেন। তবে আন্তর্জাতিক ফুটবলে এটা রোনাল্ডোর ১৩১তম গোল।
প্রথমে ক্রোয়েশিয়ার ফুটবলার দিয়াগো ডালোট ম্যাচের ৭ মিনিটে প্রথম গোলটি করে দলকে লিড দেন। এরপর রোনাল্ডো গোল করেন। আর এটাই তাঁর ফুটবল কেরিয়ারে ৯০০তম গোল ছিল। ৩৯ বছর বয়সি রোনাল্ডো দেখিয়ে দিলেন যে এই বয়সেও তিনি রেকর্ড গড়তে পারেন।
বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের মালিক হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এই তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছেন আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি। মেসি এখনও পর্যন্ত ৮৫৯ গোল করেছেন।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি গোল করেছেন। জুভেন্তাসের হয়ে করেছেন ১০১টি গোল। ম্যানচেস্টার ইউনাইটেড দলের হয়ে দু'দফায় মোট ১৪৫টি গোল করেছেন। এছাড়া স্পোর্টিং লিসবনের হয়ে পাঁচটি এবং বর্তমান ক্লাব আল নাসেরের হয়ে তিনি এখনও পর্যন্ত ৬৮টি গোল করেছেন।