রিয়ালের জয়ের দিনে জিতেছে সিটিজেনরাও। তারা হারিয়েছে ২০২৪ সালের এএফসি চ্যাম্পিয়নস লিগের খেতাবজয়ী আল–আইনকে।

রিয়াল মাদ্রিদ
শেষ আপডেট: 23 June 2025 16:53
দ্য ওয়াল ব্যুরো: রিয়াল মাদ্রিদের (Real Madrid ) কোচ হিসাবে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছিলেন জাবি আলোনসো। ফিফা ক্লাব বিশ্বকাপের (FIFA Club World Cup) সেই ম্যাচে ড্র করেছিল জাবি ছাত্ররা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়াল রিয়াল। মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে রবিবার রাতে জয় তুলে নিয়েছে তারা।
এই ম্যাচ জিততে মরিয়া ছিলেন রিয়ালের নতুন কোচ।এমনকি অনুশীলনের সময় ড্রোনও ব্যবহার করেছিলেন। স্প্যানিশ জায়ান্টরা পাচুকার বিপক্ষে জিতেছে ৩-১ গোলের ব্যবধানে।
শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই অবশ্য সমস্যায় পড়ে গিয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। সাত মিনিটেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নির্ভযোগ্য সেন্টার ব্যাক রাউল অ্যাসেনসিও। বিপক্ষের খেলোয়াড়কে বক্সের ঠিক বাইরে ফাউল করে লাল কার্ড দেখেনএই রিয়াল ডিফেন্ডার। তবে দশ জনের রিয়ালই কিন্তু জয় তুলে নিয়েছে।
যদিও আক্রমণ ও সুযোগ তৈরিতে রিয়ালের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল পাচুকা। ম্যাচজুড়ে ২৫টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখে তারা। ১০টি শট একাই সেভ করেছেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। যা ক্লাব বিশ্বকাপে এক ম্যাচে কোনও গোলরক্ষকের সর্বোচ্চ সেভ।
রিয়াল অবশ্য এগিয়েছিল বল দখলের ক্ষেত্রে। ৫৭ শতাংশ বলের দখল রেখে ৮টি শট নেওয়া রিয়াল গোল করেছে তিনটি। ম্যাচের ৩৫ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহাম। ৪৩ মিনিটে গোল করে রিয়ালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গুলের। আর বিরতির পর ৭০ মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন ফেদে ভালভের্দে। শেষ দিকে পাচুকার হয়ে মন্তিয়েল এক গোল শোধ করেন।
এই জয়ের পর গ্রুপ ‘এইচ’র শীর্ষে উঠে এসেছে রিয়াল। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে রিয়ালের পয়েন্ট এখন ৪। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোলব্যবধানে পিছিয়ে দুইয়ে আছে সালজবুর্গ। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী শুক্রবার সালজবুর্গের মুখোমুখি হবে রিয়াল।
গত মরশুম একদমই ভাল কাটেনি ইপিএল ক্লাব ম্যানচেস্টার সিটির (Manchester City)। তবে রিয়ালের জয়ের দিনে জিতেছে সিটিজেনরাও। তারা হারিয়েছে ২০২৪ সালের এএফসি চ্যাম্পিয়নস লিগের খেতাবজয়ী আল–আইনকে। আগের ম্যাচেও এশিয়ার এই সেরা দল হেরে গিয়েছিল জুভেন্টাসের কাছে।
আল-আইনের বিপক্ষে কার্যত গোল উৎসবে মেতেছিলেন পেপ গুয়ার্দিওলার ছাত্ররা। ‘জি’ গ্রুপের ম্যাচে তারা দলটিকে উড়িয়ে দিয়েছে ৬–০ গোলে। এর আগে সংযুক্ত আরব আমিরাশাহির দলটি তুরিনের ওল্ড লেডিদের কাছে হেরেছিল ০-৫ গোলে।
এই জয়ের ফলে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে নীল ম্যানচেসটার। পাশাপাশি এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে উঠে গিয়েছে জুভেন্টাসও।
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে সিটির হয়ে দু’টি গোল করেন ইলকায় গুনদোয়ান। ৩৪ বছর বয়সি এই জার্মান মিডফিল্ডার ম্যাচের আট মিনিটেই দলকে লিড এনে দেন। ২৭ মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ক্লদিও এচেভেরি। ১৯ বছর বয়সি এই আর্জেন্টাইন ফরোয়ার্ড এদিনই প্রথম সিটির শুরুর একাদশে ছিলেন। আর সুযোগটি কাজে লাগিয়েছেন গোল করে। প্রথমার্ধের বিরতির আগে সংযোজিত সময়ে সিটির স্কোরলাইন ৩–০ করেন আর্লিং হালান্ড।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও তিনটি গোল করে সিটি। গোল তিনটি করেন গুনদোয়ান (৭৩ মিনিট), অস্কার বব (৮৪ মিনিট) ও রায়ান চেরকি (৮৯ মিনিট)।
‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে ম্যানচেস্টার সিটি, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে জুভেন্টাস। আল–আইন ও উইদাদ দুই দলই প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। শেষ ষোলোয় জায়গা করেছে সিটি ও জুভেন্টাস। ২৬ জুন এই দুই দল গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে।