
ইস্টবেঙ্গল ফুটবল দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত
শেষ আপডেট: 5 September 2024 14:02
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর বেশিদিন বাকি নেই। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের মহাযুদ্ধ। এবারের টুর্নামেন্ট খেলতে নামার আগে ইস্টবেঙ্গল ফুটবল দলকে যথেষ্ট আত্মবিশ্বাসী বলেই মনে হল। কোচ কার্লেস কুয়াদ্রাতের হাবে-ভাবে 'যুদ্ধং দেহী' মনোভাব স্পষ্ট দেখতে পাওয়া গেল।
বুধবার (৪ সেপ্টেবর) কলকাতার একটি পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে ইস্টবেঙ্গল ফুটবল দলের কোচ কার্লেস কুয়াদ্রাত উপস্থিত ছিলেন। তিনি বললেন, 'প্রতিটা মরশুমে আমরা অন্তত একটা করে ট্রফি জিততে চাই। তবে বাস্তবের মাটিতে পা রেখে আমাদের চলতে হবে। যদি সুপার সিক্সে উঠতে পারি, তাহলে সামনের পথ অনেকটাই প্রশস্ত হয়ে যাবে। আশা করছি, এই টার্গেট আমরা হাসিল করতে পারব।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আপাতত দলের পরিবেশ যথেষ্ট ভাল রয়েছে। গত মরশুমে একই লক্ষ্যে আমরা টুর্নামেন্টে নামলেও, শেষপর্যন্ত তা পূরণ করতে পারিনি। এবারের ছবিটা একেবারে আলাদা। বেশ কয়েকজন ফুটবলারকে ধরে রাখা সম্ভব হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে ক্লেটন সিলভা, মহেশ সিং, হিজাজি মাহের, সৌভিক চক্রবর্তীদের। সকলেই আপাতত যথেষ্ট ফিট রয়েছেন। এবার লক্ষ্যপূরণের আশা করা যেতেই পারে।'
শেষকালে তিনি বললেন, 'আমাদের ফুটবলারেরা মাঠে নামার জন্য একেবারে প্রস্তুত। লড়াই করার মতো দল তৈরি হয়েছে। এ বারের দল যথেষ্ট ভাল। আইএসএলের সূচি এমনিতেই একটু কঠিন হয়। তবে আমাদের মানিয়ে নিতে হবে।'