এই ম্যাচের পরেও দুই দল প্রিমিয়ার লিগে আবার মুখোমুখি হবে এপ্রিলের শেষে। আজকের জয় শুধু একটা ট্রফি নয়—শীর্ষস্থান দখলের লড়াইয়েও মানসিক সুবিধা দেবে।

ছবি: গুগল
শেষ আপডেট: 22 March 2026 13:54
দ্য ওয়াল ব্যুরো: সময় কী দ্রুতই না বদলে যায়! কয়েক সিজন আগেও যে টিম কোনওমতে লিগ টেবিলে প্রথম চারে থাকার জন্য মরণপণ লড়ে যেত, আজ তারা চতুর্মুকুট ছিনিয়ে নিতে মরিয়া। অন্যদিকে যে দল ইউরোপে যে কোনও ক্লাবের বিরুদ্ধে নামলেই ছড়িয়ে দিত ত্রাস, তারাই কিনা এলেবেলে টিমের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে৷
প্রথমটা আর্সেনাল৷ পরের দল ম্যানচেস্টার সিটি৷ ইঙ্গিত মিলছিল গত দু'মরসুমে। এবছর চাকা পুরোপুরি ঘুরে গিয়েছে। আর ‘চ্যালেঞ্জিং’ তকমা নয়, ক্রমাগত সেকেন্ড বয়ের সান্ত্বনা পুরস্কারে খুশি থাকা নয়। মিকেল আর্তেতার ছেলেরা আপাতত খেতাব-ক্ষুধার্ত! ক্যাবিনেটে ট্রফি চাই৷ তার মর্যাদা দেখার দরকার নেই৷ ২০১৯-এর এফএ কাপের পর আর কোনও বলার মতো সাফল্য জোটেনি যে দলের, তারাই এখন কোমর বেঁধে নেমেছে খরা মেটাতে৷ চলতি সিজনে চার-চারটে টুর্নামেন্ট জেতার হাতছানি৷ যার প্রথম সিঁড়ি ভাঙতে হবে আজ, ওয়েম্বলি স্টেডিয়ামে৷ সামনে ম্যান সিটি৷ যাদের বিরুদ্ধে টানা কয়েকটি সিজন ক্রমাগত কোণঠাসা হয়ে থাকতে হয়েছে৷
আর্তেতার স্বপ্ন, গুয়ার্দিওলার পরীক্ষা
আর্সেনালের (Arsenal FC) কোচ মিকেল আর্তেতা (Mikel Arteta) প্রিমিয়ার লিগে নয় পয়েন্টে এগিয়ে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। এখন লিগ কাপ জিতলে কোয়াড্রুপল বা ‘চতুর্মুকুটে’র পথ খুলে যাবে। আর্তেতা আশাবাদী। ইতিবাচক সুরে বললেন, ‘জেতার ইচ্ছে সবসময়ই ছিল। ট্রফি না পেয়ে বছর কাটানো কঠিন—তবে সেই অপ্রাপ্তি আরও বেশি ক্ষুধার্ত করে তোলে!’
উল্টোদিকে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) ম্যান সিটি (Manchester City) চলতি মরসুমে ধারাবাহিকতার অভাবে ভুগছে। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের কাছে লজ্জার হার। লিগে পিছিয়ে। তবু ফাইনালে সিটি মানেই আলাদা হিসেব—অভিজ্ঞ পেপ গুয়ার্দিওলার বড় ম্যাচে ট্রফি জেতার অভিজ্ঞতা তাঁর ছন্দহীন দলকে খুব একটা পিছিয়ে রাখবে না।
একটা মজার তথ্য—২০১৮ সালে এই স্পেনীয় কোচ প্রথম লিগ কাপ জেতেন আর্সেনালের বিরুদ্ধে। সেই জয়ের দিন তাঁর সহকারী ছিলেন স্বয়ং মিকেল আর্তেতা। এবার দুই বন্ধু মুখোমুখি। টক্কর হতে চলেছে সেয়ানে-সেয়ানে।
দু’দলের অবস্থা কেমন?
আর্সেনালে কিছু অনিশ্চয়তা রয়েছে। ডিফেন্সে রাইট ব্যাক টিম্বার ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডের চোট নিয়ে কোচ কিছু খোলসা করেননি, ‘দেখতে হবে’ বলে এড়িয়ে গিয়েছেন। ছাড়পত্র জোটেনি মিকেল মেরিনোর। গোলকিপারে কেপা আরিজাবালাগা বা ডেভিড রায়া—কে খেলবেন বলা কঠিন। কেপা সম্প্রতি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। কারাবাও কাপে টানা দস্তানা গলিয়েছেন। আজও গোলপোস্টের নীচে তাঁকে দেখলে অবাক হওয়ার কিছু নেই।
সিটির হয়ে একই ভূমিকায় থাকবেন জেমস ট্রাফোর্ড—গিয়ানলুইজি দোনারুমার বদলে। খবর নিশ্চিত করেছেন স্বয়ং গুয়ার্দিওলা। রক্ষণে গভার্দিওলের চোট, জানুয়ারিতে সই করা মার্ক গুয়েহিও নিয়মের মারপ্যাঁচে নামতে পারবেন না। আর্লিং হালান্ড (Erling Haaland) অবশ্য খেলবেন। আজ তিনি ওয়েম্বলিতে প্রথম গোলের সন্ধানে।
ভারতে ম্যাচ দেখবেন কীভাবে?
আজ রাত ১০টায় (ভারতীয় সময়) ওয়েম্বলিতে শুরু হবে ম্যাচ। টেলিভিশনে দেখা যাবে না। তবে ফ্যানকোড অ্যাপ বা ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং পাবেন।
উল্লেখ্য, এই ম্যাচের পরেও দুই দল প্রিমিয়ার লিগে আবার মুখোমুখি হবে এপ্রিলের শেষে। আজকের জয় শুধু একটা ট্রফি নয়—শীর্ষস্থান দখলের লড়াইয়েও মানসিক সুবিধা দেবে।