
দ্বিতীয়বার বিয়ে করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাল্ক
শেষ আপডেট: 14 January 2025 13:10
দ্য ওয়াল ব্যুরো : গিভানিলডো ভিয়েরা ডি সুজা। ব্রাজিলের এই ফুটবল তারকার কথা আপনারা অনেকেই শুনেছেন। যদিও সমর্থকদের কাছে তিনি 'হাল্ক' নামেই বেশি পরিচিত। সম্প্রতি তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন। আর এই নতুন জীবন শুরু করতে না করতেই তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। কারণটা কী? আসুন, বিস্তারিত জেনে নেওয়া যাক।
সম্প্রতি ব্রাজিলের এই ফুটবলার ক্যামিলা অ্যাঞ্জেলো সুজা নামের এক মহিলাকে বিয়ে করেছেন। ক্যামিলা পেশায় একজন চিকিৎসক। সূত্রের খবর, গত তিন বছর ধরে তাঁরা একে অপরকে ডেট করছিলেন। অবশেষে বিয়ের পিঁড়িতে সেই সম্পর্ক পরিণতি লাভ করে।
কিন্তু, বিপত্তি বেধেছে অন্য জায়গায়। এই ক্যামিলা আসলে হাল্কের প্রথম স্ত্রী ইরান অ্যাঞ্জেলোর ভাইঝি। এই বিষয়টা নিয়ে ইরানের বোন রেইসা অ্যাঞ্জেলা সোশ্যাল মিডিয়ায় তীব্র আপত্তি তুলেছেন। লিখেছেন, 'এটা তো একধরনের প্রতারণা। এমন প্রতারণা সত্যিই মেনে নেওয়া খুব কঠিন। যদি আমার মা বেঁচে থাকতেন, তাহলে কোনওদিন এই বিয়েটা মেনে নিতে পারতেন না।'
View this post on Instagram
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের সঙ্গে ইরানের প্রায় ১২ বছরের সম্পর্ক ছিল। এমনকী, তাঁদের ৩ সন্তানও রয়েছে। কিন্তু, বছর চারেক আগে অর্থাৎ ২০১৯ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। অবশেষে দ্বিতীয়বার বিয়ে করেছেন হাল্ক।
গত ৭ জানুয়ারি হাল্ক-ক্যামিলার রিসেপশন অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ব্রাজিলের জোয়াও পেসোয়া নামের একটি রিসর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন দুইপক্ষের আত্মীয় এবং বন্ধুবান্ধব।
২০০৯ সালে ব্রাজিলের জার্সিতে ডেবিউ করেছিলেন গিভানিলডো ভিয়েরা ডি সুজা। ২০১৩ সাল পর্যন্ত তিনি সেলেকাও ব্রিগেডের নিয়মিত সদস্য ছিলেন। কিন্তু, অনিয়মিত ফর্মের কারণে শেষপর্যন্ত তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়। ২০২১ সালে ফের ব্রাজিলের জার্সিতে তাঁকে খেলতে দেখা গিয়েছিল। আপাতত ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোতে তিনি নিয়মিত ফুটবল খেলেন।