পঞ্চাশ পেরোনো ফুটবল তারকা সম্প্রতি ফের ফিরতে চেয়েছিলেন নিজের পুরনো লুকে—স্কিনহেড বা ন্যাড়া মাথায়। পঁচিশ বছর আগে লেস্টার সিটির বিরুদ্ধে প্রথমবার এই অবতারে মাঠে নামা, দুনিয়ার নজরে আসা! কিন্তু সে চেষ্টা যে এমন হাস্যকরভাবে ব্যর্থ হবে, তা কে জানত?

ডেভিড বেকহ্যাম
শেষ আপডেট: 21 July 2025 12:23
দ্য ওয়াল ব্যুরো: নিজের চুল নিজে কাটতে চেয়েছিলেন। কিন্তু চাওয়া আর পারার মধ্যে যে অনেকটা ফাঁক, বুঝতে পারেননি ডেভিড বেকহ্যাম (David Beckham)। খানিক বাদে যা হাড়ে হাড়ে বুঝিয়ে দিল ট্রিমার! ক্লিপারের হেড আলগা ছিল, ধরতে পারেননি। মেশিন চালাতে গিয়েই তা আচমকা খসে পড়ে… এক খাবলা চুল সমেত।
যে কারণে মাথার একপাশে গর্তের মতো টাক জেগে থাকে। লজ্জায় মুখ ঢাকেন বেকস। আর সেই বিড়ম্বনার মুহূর্ত ফ্রেমবন্দি করেন স্ত্রী ভিক্টোরিয়া (Victoria Beckham)। কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার সুরে সমবেদনা জানালেন… ঠাট্টার মেজাজে। কী হয়েছে? কেন হয়েছে? কীভাবে হয়েছে?—স্বামীর মুখে সবকিছুর জবানবন্দি নিয়ে আপলোড করেন ইনস্টাগ্রামে। দুনিয়ার অন্যতম স্টাইল আইকনের এমন বিড়ম্বিত মূর্তি ভাইরাল হয় মুহূর্তে। ঝড়ের বেগে আছড়ে পড়ে রিঅ্যাকশন, একের পর এক মজাদার মন্তব্য।
বাজকাট, ফক্সহক, আন্ডারকাট, সাইড পার্ট, মোহক, ক্লাসিক টেপার… খেলোয়াড়জীবনে নানান কিসিমের চুলের স্টাইল বেছেছেন বেকহ্যাম। বারবার নিরীক্ষা চালিয়েছেন। কখনও ঝাঁকড়া, কখনও একদম ছেঁটেছুঁটে একপাশে সিঁথি চেরা… চুল নিয়ে এক্সপেরিমেন্ট শুধু নিজের জন্য করেননি, প্রাণিত করেছেন তামাম কিশোর-যুবকদের। তৃতীয় বিশ্বের ছোকরা ছেলেও সেলুনে ঢুকে বেকহ্যামের ছবি দেখিয়ে আবদার রেখেছে: মানাক-না মানাক, ঠিক এমন ছাঁদের চুল চাই!
পঞ্চাশ পেরোনো ফুটবল তারকা সম্প্রতি ফের ফিরতে চেয়েছিলেন নিজের পুরনো লুকে—স্কিনহেড বা ন্যাড়া মাথায়। পঁচিশ বছর আগে লেস্টার সিটির বিরুদ্ধে প্রথমবার এই অবতারে মাঠে নামা, দুনিয়ার নজরে আসা! কিন্তু সে চেষ্টা যে এমন হাস্যকরভাবে ব্যর্থ হবে, তা কে জানত?
ঘটনা খুব সামান্য। চুল কাটার সময় আচমকা ক্লিপারের হেড খুলে যায়। আর তাতেই মাথার একপাশে তৈরি হয় একফালি টাক। আচমকা দুর্ঘটনায় অপদস্থ হন বেকহ্যাম। আর এই মুহূর্তটা ধরা পড়ে ভিক্টোরিয়ার মোবাইল ক্যামেরায়। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে তিনি স্বামীর হেয়ারকাটের বারোটা বাজানোর প্রমাণ সকলের সামনে মেলে ধরেন। তাঁকে বলতে শোনা যায়, ‘দেখতে মোটেও ভাল লাগছে না। একদমই না!’ বেকহ্যাম যখন তাঁকে চুলের গর্তটা দেখাতে ঘাড় ঘোরান, ভিক্টোরিয়া স্বামীর দুঃখ কয়েক গুণ বাড়িয়ে জুড়ে দেন, ‘আমি যা বলব, একদম সত্যি... এটা সত্যিই খুব খারাপ দেখাচ্ছে!’
কিন্তু সব ছেড়ে কেন ফের বেছে নিয়েছিলেন এই লুক? সম্প্রতি গ্যারি নেভিলের সঙ্গে ‘দ্য ওভারল্যাপ’পডকাস্টে বেকহ্যাম বলেন, ‘স্কিনহেড আমার বরাবরের পছন্দ। কারণ এটা কাটা সহজ এবং চুল নিয়ে বেশি ভাবার জায়গা থাকে না!’
এই বিশ্লেষণ যে মর্মান্তিকভাবে ভুল প্রমাণিত হবে, তখন তার এতটুকু আন্দাজ পাননি বেকস!