প্রিমিয়ার লিগের রেস জমে উঠেছে৷ অন্তিম লগ্নে দ্বিমুখী লড়াই৷ অ্যাস্টন ভিলা পরপর পয়েন্ট খুইয়ে দৌড় থেকে বিদায় নিয়েছে। লড়াই এখন আর্সেনাল আর ম্যান সিটির মধ্যে।

আর্সেনাল বনাম চেলসি
শেষ আপডেট: 1 March 2026 10:54
দ্য ওয়াল ব্যুরো: প্রিমিয়ার লিগের রেস জমে উঠেছে৷ অন্তিম লগ্নে দ্বিমুখী লড়াই৷ অ্যাস্টন ভিলা পরপর পয়েন্ট খুইয়ে দৌড় থেকে বিদায় নিয়েছে। লড়াই এখন আর্সেনাল আর ম্যান সিটির মধ্যে। পেপ গুয়ার্দিওলার ছেলেরা গতরাতে লিডস ইউনাইটেডকে হারিয়ে গানার্সদের উপর চাপ বাড়িয়েছে। পয়েন্ট টেবিলে দু'নম্বরে সিটি (৫৯)। শীর্ষে আর্সেনাল। ব্যবধান মোটে দু'পয়েন্টের৷ আজ ঘরের মাঠে চেলসির বিরুদ্ধে লড়াই৷ পা হড়কালেই হালান্ডরা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শেষ লগ্নে টপকে গিয়ে লিগ শিরোপা জিতে নিতে পারেন!
শিরোপা রেসে চাপ, ডার্বিতে ভুলের সুযোগ নেই
লিগ তালিকায় ৬১ পয়েন্ট নিয়ে মগডালে আর্সেনাল (Arsenal)। মিকেল আর্তেতার (Mikel Arteta) দল গত ম্যাচে টটেনহ্যামকে ৪-১ উড়িয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে। তবে চাপও কম নয়। ম্যানচেস্টার সিটি (Manchester City) ঘাড়ে নি:শ্বাস ফেলছে৷
২২ বছর পর লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে গানার্সরা। যদিও প্রতিটি ম্যাচই এখন ‘মাস্ট-উইন’। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে (Emirates Stadium) টানা চার ম্যাচ জিতেছে তারা। তিনটিতে ক্লিন শিট।
অন্যদিকে লিয়াম রোজেনিয়রের (Liam Rosenior) চেলসি (Chelsea) লিগে পঞ্চম স্থানে, ৪৫ পয়েন্ট নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার লড়াইয়ে টিকে রয়েছে ব্লুজরা। সাম্প্রতিক ফর্ম খুব ধারাবাহিক নয়, তবে তারা বড় ম্যাচে বিলক্ষণ চমক দিতে পারে।
সম্ভাব্য একাদশ
আর্সেনালের শিবিরে সুখবর। অধিনায়ক মার্টিন ওডেগার্ড (Martin Ødegaard) পুরোপুরি ফিট। ভিক্টর গিয়োকেরেস (Viktor Gyökeres) দুরন্ত ফর্মে। সাকা (Bukayo Saka) ও মার্টিনেলি (Gabriel Martinelli) আক্রমণে গতি যোগ করছেন।
সম্ভাব্য আর্সেনাল একাদশ: রায়া; টিম্বার, সালিবা, গ্যাব্রিয়েল, ক্যালাফিওরি; রাইস, জুবিমেন্ডি, ওডেগার্ড; সাকা, গিয়োকেরেস, মার্টিনেলি।
চেলসির ডিফেন্সে সমস্যা। ওয়েসলি ফোফানা (Wesley Fofana) সাসপেন্ড। মার্ক কুকুরেয়া (Marc Cucurella) চোটগ্রস্ত। ফলে ব্যাকলাইন নতুন করে সাজাতে হবে।
সম্ভাব্য চেলসি একাদশ: সানচেজ; জেমস, চালোবা, কোলউইল, গুস্তো; এনজো ফার্নান্দেজ, কাইসেডো; নেতো, কোল পালমার (Cole Palmer), গারনাচো; জোয়াও পেদ্রো।
মুখোমুখি পরিসংখ্যান ও সম্প্রচার
দুই দলের মোট ৬৭ বার মুখোমুখি লড়াইয়ে আর্সেনালের জয় ২৭, চেলসির ২০, ড্র ২০। গোলসংখ্যা ৯৫-৮৭, সামান্য এগিয়ে গানার্সরা। সাম্প্রতিক ১০ ম্যাচে তাদের দাপট বেশি। তবে ফেব্রুয়ারিতে লিগ কাপ ম্যাচে ১-০ ব্যবধানে জিতেছিল চেলসি।
ভারতে আজকের ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস (Star Sports) নেটওয়ার্কে। অনলাইনে লাইভ স্ট্রিমিং হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপ ও ওয়েবসাইটে।