প্রথমে ইন্টার মিলানকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল ফ্লুমিনেন্স। এরপর আল হিলাল হারিয়ে দিয়েছে ইপিএল জায়েন্ট ম্যাঞ্চেস্টার সিটিকে।

আল হিলাল বনাম ম্যাঞ্চেস্টার সিটি
শেষ আপডেট: 1 July 2025 13:40
আল হিলাল ৪ - ম্যাঞ্চেস্টার সিটি ৩
ফ্লুমিনেন্স ২ - ইন্টার মিলান ০
দ্য ওয়াল ব্যুরো: একই দিনেপরপর দু’টি অঘটন ঘটে গেল ফিফা ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup)। প্রথমে ইন্টার মিলানকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল ব্রাজিলের ফ্লুমিনেন্স (Intermilan vs Fluminense)। এরপর এশিয়ার ক্লাব আল হিলাল হারিয়ে দিয়েছে ইপিএল জায়েন্ট ম্যাঞ্চেস্টার সিটিকে (Manchester City vs Al Hilal)।
ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকালের টানাটান উত্তেজনার ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলাল হারিয়ে দিয়েছে সিটিজেনদের। শেষ ষোলোর এই অবিশ্বাস্য লড়াইয়ে ৪-৩ গোলে জিতে আল হিলাল উঠে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। ফিফার কোনও অফিশিয়াল টুর্নামেন্টে ইউরোপীয় দলের বিপক্ষে জয় পাওয়া প্রথম এশিয়ান ক্লাব এখন আল হিলাল।
আগামী শুক্রবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আল হিলাল মুখোমুখি হবে ফ্লুমিনেন্সের। যারা সোমবার রাতে ইতালির ক্লাব ইন্টার মিলানকে হারিয়েছে ২-০ গোলে।
গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে একমাত্র দল হিসাবে শেষ ষোলোয় উঠেছিল নীল ম্যাঞ্চেস্টার। সেই তিন ম্যাচে পেপ গুয়ার্দিওলার ছাত্ররা করেছিল ১৩ গোল। চলতি মরশুম মোটেও ভাল কাটেনি ম্যান সিটির। কিন্তু ক্লাব বিশ্বকাপে সিটিজেনদের ফর্ম দেখে মনে হচ্ছিল, মরশুমের শেষ ট্রফিটি অবশেষে আসতে চলেছে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিল সৌদির ক্লাব।
অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে শুরুটা করেছিল অবশ্য পেপের ছাত্ররা। ৯ মিনিটে দলকে এগিয়ে দেন বের্নার্দো সিলভা। প্রথমার্ধ জুড়ে বল পজেশনে অনেকটাই এগিয় ছিল ম্যান সিটি। কিন্তু আল হিলাল গোলরক্ষক ইয়েসিন বুনু বাধা হয়ে দাঁড়ানোয় ব্যবধান বাড়েনি। ম্যাচজুড়ে ১০টি সেভ করা বুনু আল হিলালের জয়ের অন্যতম নায়কও বটে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটিজেনরা।
বিরতির পরপরই সিটিকে ধাক্কা দিয়ে সমতায় ফেরে আল হিলাল। ৪৬ মিনিটে নেইমারের প্রাক্তন ক্লাব আল হিলালকে সমতায় ফেরান মার্কোস লিওনার্দো। ৬ মিনিট পরই সৌদির ক্লাবের হয়ে ব্যবধান বাড়ান (২-১) ম্যালকম। যদিও ৩ মিনিটের মধ্যেই গোল শোধ করে দেয় সিটি। আর্লিং হলান্ডের গোলে (২-২) সমতায় ফেরে তারা। নির্ধারিত সময়ে এর পর আবশ্য কোনও গোল হয়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
৯৪ মিনিটি কালিদু কোলিবালির গোলে ফের লিড ৩-২ নেয় আল হিলাল। কিন্তু ১০৪ মিনিটে ফিল ফোডেনের গোলে সিটি আবার সমতায় (৩-৩) ফেরে। এরপর ম্যাচের ১১২ মিনিটে লিওনার্দো নিজের দ্বিতীয় গোলটি করে আল হিলালের পক্ষে ব্যবধান ৪-৩ করেন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ডের ঐতিহ্যশালী ক্লাব।
এদিকে, ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাতে ফের ক্লাব বিশ্বকাপে দেখা গেল সাম্বা জাদু। শার্লটে শেষ ষোলোর লড়াইয়ে ইন্টারকে ২–০ গোলে হারিয়ে ফিরতি বিমানের টিকিট ধরিয়ে দিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। এই জয়ে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল থেকে পালমেইরাসের পর দ্বিতীয় দল হিসাবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেল ফ্লুমিনেন্স।
ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৩ মিনিটেই ফ্লুমিনেন্স এগিয়ে যায় গেরমান কানোর গোলে। এরপর আক্রমণ বাড়িয়ে ইন্টার ম্যাচে ফেরার চেষ্টা করলেও কাজের কাজ হয়নি। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধ জুড়ে ইতালিয়ান ক্লাবটির আধিপত্য থাকলেও ফ্লুমিনেন্স দ্বিতীয় গোলটি পেয়ে যায় ম্যাচের শেষ মুহূর্তে। পরিবর্ত হিসাবে নামা হারকিউলিস ৯৩ মিনিটে গোল করে নিশ্চিত করেন ইন্টারের বিদায়।