এআইএফএফের এই প্রস্তাবিত কাঠামো ভারতীয় ফুটবলের প্রশাসনে আইনি স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করার দিকেই বড় পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

ছবি: গুগল
শেষ আপডেট: 21 December 2025 16:31
দ্য ওয়াল ব্যুরো: স্বচ্ছতা ও সাংবিধানিক কাঠামো মজবুত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে হাঁটল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। শনিবার নয়াদিল্লির ফুটবল হাউসে হওয়া নির্বাহী কমিটির বৈঠকে একাধিক স্বাধীন কমিটি (Independent Judicial Committees) গঠনের প্রস্তাব গৃহীত হয়েছে। সুপ্রিম কোর্ট অনুমোদিত এআইএফএফ সংবিধানের সঙ্গেই এই কাঠামো সামঞ্জস্যপূর্ণ বলে মত এআইএফএফের।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত কাজকর্ম দেখভালের জন্য ইলেকশন কমিটি (Election Committee) গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই কমিটির রিটার্নিং অফিসার হিসেবে প্রস্তাবিত হয়েছেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। কমিটির সদস্য হিসেবে থাকছেন প্রাক্তন দিল্লি পুলিশের ডিজি বিবেক গোগিয়া এবং প্রাক্তন সিবিআই আধিকারিক সুরিন্দর সিং গুরম।
নৈতিকতা ও বিরোধ নিষ্পত্তির জন্য প্রস্তাবিত এথিক্স অ্যান্ড ডিসপিউট রেজোলিউশন কমিটির (Ethics and Dispute Resolution Committee) চেয়ারপার্সন হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে প্রাক্তন ডিজি রঞ্জিত কুমার পাচনন্দা-র। এই কমিটির ডেপুটি চেয়ারপার্সন হবেন অবসরপ্রাপ্ত জেলা আদালতের বিচারপতি অশোক ত্রিপাঠী।
ডিসিপ্লিনারি কমিটির (Disciplinary Committee) চেয়ারপার্সন হিসেবে প্রস্তাবিত নাম অবসরপ্রাপ্ত বিচারপতি বিনীত সরণ। ডেপুটি চেয়ারপার্সন হিসেবে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি রাঘবেন্দ্র কুমার। খেলোয়াড় সংক্রান্ত চুক্তি ও মর্যাদাজনিত বিষয়ে নজরদারির জন্য প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির (Players' Status Committee) চেয়ারপার্সন হিসেবে প্রস্তাব করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্র সিং-কে। এ ছাড়া আপিল কমিটির (Appeal Committee) চেয়ারপার্সন হিসেবে বিবেচিত মুখ অবসরপ্রাপ্ত বিচারপতি হেমন্ত গুপ্ত। ডেপুটি চেয়ারপার্সনের দায়িত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি কে এস আহলুওয়ালিয়া।
সব মিলিয়ে, এআইএফএফের এই প্রস্তাবিত কাঠামো ভারতীয় ফুটবলের প্রশাসনে আইনি স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করার দিকেই বড় পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।