ফ্লাডগেট খোলেন মিশরীয় ডিফেন্ডার মোহামেদ সিমাকান। আল নাসেরের হয়ে এটাই তাঁর প্রথম গোল। এরপর শুরু রোনাল্ডো-ঝড়।

রোনাল্ডো
শেষ আপডেট: 8 August 2025 12:38
দ্য ওয়াল ব্যুরো: হোক না প্রি-সিজন ফেন্ডলি (Pre-Season Friendly)। তাতে কী! বছর তেতল্লিশের রোনাল্ডো (Cristiano Ronaldo) ফের হ্যাটট্রিক (Cristiano Ronaldo Hat-Trick) করে বুঝিয়ে দিলেন লড়াইয়ের মঞ্চটা বদলে যেতে পারে, কিন্তু তাঁর জেতার খিদে এতটুকু ফিকে হয়নি। পর্তুগালের এস্তাদিও দো আলগারভে-তে গতরাতের প্রস্তুতি ম্যাচে রিও আভেকে (Rio Ave) ৪-০ গোলে হারাল আল নাসের (Al-Nassr)। আর এই জয়ের নায়ক একাই—রোনাল্ডো। প্রথমটা ডান পায়ে নিখুঁত ফিনিশ, দু’নম্বর গোল এল হেডারে, তৃতীয় গোল পেনাল্টি থেকে। আর এভাবেই সেরে ফেললেন দুরন্ত হ্যাটট্রিক।
ফ্লাডগেট খোলেন মিশরীয় ডিফেন্ডার মোহামেদ সিমাকান। আল নাসেরের হয়ে এটাই তাঁর প্রথম গোল। এরপর শুরু রোনাল্ডো-ঝড়। নবাগত জোয়াও ফেলিক্সের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়া করে পেনাল্টি বক্সে ঢুকে জোরালো শটে প্রথম গোল। এরপর দুরন্ত হেডে দ্বিতীয়। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সাদিও মানে পেনাল্টি মিস করলেও ঠিক ১৬ সেকেন্ড পরেই রোনাল্ডো করলেন তিন নম্বর গোল। মাত্র ৫ মিনিটের ব্যবধানে পরপর তিন গোল। ম্যাচের সেরা তিনিই।
তবে শুধু মাঠে নয়, মাঠের বাইরেও রোনাল্ডো খবরের শিরোনাম। গুজব চলছিল বহুদিন—সৌদির ক্লাব ছাড়তে পারেন। ইউরোপে ফেরা নিয়ে দানা বাঁধে নানা জল্পনা। তাতে এ দিন নিজেই পূর্ণচ্ছেদ টানলেন। নিজের অফিসিয়াল এক্স (আগে টুইটার)-এ জানিয়ে দিলেন, ‘নতুন অধ্যায় শুরু হচ্ছে। আবেগ এক, স্বপ্নও একই। এবার ইতিহাস গড়ার পালা!’ এরপরেই ক্লাবের তরফে আনুষ্ঠানিক ঘোষণা আসে: ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২০২৭ সাল পর্যন্ত আল নাসেরে থাকছেন!’
২০২২ সালের শেষে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিতর্কিত বিদায়ের পর সৌদি ক্লাবে যোগ দেন পর্তুগিজ তারকা। ফর্মে রয়েছেন নিয়মিত—সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ১০৫ ম্যাচে ৯৩টি গোল। তাঁর আসার পর সৌদি লিগের সামগ্রিক ছবিটাই বদলে গিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে নজর কেড়েছে সৌদি প্রো লিগ। একের পর এক তারকা ফুটবলার যোগ দিয়েছেন মধ্যপ্রাচ্যের এই টুর্নামেন্টে। অনেকের মতে, এহেন নবতরঙ্গের সূচনা করেছিলেন একজন—ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।