উইকেন্ডে মাংসের বদলে বানিয়ে ফেলুন সুস্বাদু বোয়াল মাছের ঝাল। অল্প উপকরণেই তৈরি হবে এই পুরনো দিনের রেসিপি।
.jpeg.webp)
বোয়াল মাছের ঝাল
শেষ আপডেট: 17 March 2026 09:55
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহান্ত মানেই বাড়িতে একটু বিশেষ রান্না। তবে ভাল কিছু রান্না করতে গেলে যে সবসময় চিকেন (Chicken) বা মাটন (Mutton)-এর পদ বানাতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। বাঙালির রান্নাঘরে মাছের কদর বরাবরই আলাদা। বিশেষ করে পুরনো দিনের অনেক রেসিপিই এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। সেই রকমই এক সহজ অথচ সুস্বাদু পদ হল বোয়াল মাছের ঝাল (Boal Fish Jhal Recipe)। একসময় মা–ঠাকুমাদের রান্নাঘরে এই পদ বেশ জনপ্রিয় ছিল। অল্প কিছু উপকরণে তৈরি এই ঝাল ভাতের সঙ্গে দারুণ লাগে।
অনেক বাড়িতেই সপ্তাহের শেষে বাজার থেকে বোয়াল মাছ (Boal Fish) আনা হয়। বেশিরভাগ ক্ষেত্রে তা আলু দিয়ে সাধারণ ঝোল রান্না করা হয়। কিন্তু স্বাদে একটু বদল আনতে চাইলে এই বিশেষ ঝাল বানিয়ে ফেলতে পারেন অনায়াসে। এতে খুব বেশি উপকরণ লাগে না, আবার রান্নার পদ্ধতিও অত্যন্ত সহজ।
এই রান্নার জন্য লাগবে- বড় মাপের পাঁচ টুকরো বোয়াল মাছ (Boal Fish), এক চা-চামচ আদা বাটা (Ginger Paste), একটি বড় বা মাঝারি মাপের দুটি পেঁয়াজ কুচি (Chopped Onion), তিন থেকে চারটি কাঁচা লঙ্কা বাটা (Green Chilli Paste), এক চা-চামচ জিরে বাটা (Cumin Paste), আধ চা-চামচ হলুদ গুঁড়ো (Turmeric Powder), এক চা-চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (Kashmiri Chilli Powder), এক চা-চামচ কালো জিরে (Nigella Seeds), একটি গোটা টম্যাটো (Tomato), প্রয়োজন মতো সর্ষের তেল (Mustard Oil), স্বাদমতো নুন এবং সামান্য ধনেপাতা কুচি (Coriander Leaves)।
রান্নার শুরুতে মাছের টুকরোগুলো ভাল করে ধুয়ে নিতে হবে। তারপর তাতে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিতে হবে প্রায় এক মিনিট। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের টুকরোগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। একই তেলে এবার ফোড়ন দিন কালো জিরে (Nigella Seeds)। তারপর তাতে পেঁয়াজ কুচি (Chopped Onion) দিয়ে ভাল করে ভাজুন। পেঁয়াজে সোনালি রং ধরলে একে একে আদা বাটা (Ginger Paste), জিরে বাটা (Cumin Paste), কাঁচা লঙ্কা বাটা (Green Chilli Paste) ও কাটা টম্যাটো (Tomato) দিয়ে মশলা ভাল করে কষে নিন।
মশলা কষা হয়ে গেলে প্রয়োজন মতো হালকা গরম জল দিন। ঝোল ফুটতে শুরু করলে তাতে ভেজে রাখা মাছ ছেড়ে দিন। এরপর স্বাদমতো নুন ও সামান্য মিষ্টি দিয়ে নেড়ে নামিয়ে নিন। কিছুক্ষণ ফুটে ঝোল যখন গা-মাখা হয়ে আসবে, তখন ওপর থেকে ধনেপাতা কুচি (Coriander Leaves) ছড়িয়ে নামিয়ে নিন।
গরম ভাতের সঙ্গে এই বোয়াল মাছের ঝাল (Boal Fish Jhal Recipe) পরিবেশন করলে সপ্তাহান্তের দুপুর জমে যাবে একেবারে। পুরনো দিনের সহজ অথচ সুস্বাদু এই পদ আবার ফিরিয়ে আনতেই পারেন আপনার রান্নাঘরে।