গরমে পেট ঠান্ডা রাখতে বাড়িতেই বানিয়ে ফেলুন মেথি-মৌরি দেওয়া হালকা মাছের ঝোল। রুই বা কাতলা মাছ দিয়ে সহজ উপকরণে তৈরি হবে এই সুস্বাদু বাঙালি পদ।

মাঝের ঝোল
শেষ আপডেট: 10 March 2026 14:50
দ্য ওয়াল ব্যুরো: গরম পড়তেই বাঙালির রান্নাঘরে বদল আসে স্বাদের। রোজকার মাছের ঝোল (Fish Curry) মানেই সাধারণত আদা-জিরের ব্যবহার বা পিঁয়াজ-কালো জিরে। টাটকা মাছ আর তাজা সবজি দিয়ে বানানো সেই ঝোলের স্বাদ অবশ্যই অতুলনীয়। কিন্তু প্রতিদিন একই ধরনের রান্না খেতে কারওই ভাল লাগে না। তার উপর বসন্তের শেষে রোদের তেজও কম নয়, ফলে মাঝেমধ্যেই অনেকের পেটের সমস্যা দেখা দিচ্ছে। এমন সময়ে স্বাদ বদলাতে এবং পেট ঠান্ডা রাখতে বানিয়ে ফেলতে পারেন মেথি-মৌরি দেওয়া হালকা মাছের ঝোল।
কী কী লাগবে?
এই রান্নার জন্য খুব জটিল উপকরণ লাগে না। চারা, কাতলা (Catla) বা রুই (Rohu)—যে কোনও টাটকা মাছ বেছে নিতে হবে। চারটে বড় পিস মাছ নিলে এই রান্না করা যায় সহজে। সঙ্গে লাগবে একটি বড় আলু টুকরো করে কাটা এবং ৩ থেকে ৪টি পটল অর্ধেক করে কাটা। চাইলে ঝিঙে দিয়েও এই ঝোল করতে পারেন।
মশলার মধ্যে লাগবে আধ চা চামচ মেথি (Fenugreek), এক চা চামচ মৌরি বাটা (Fennel Paste), এক চা চামচ আদা বাটা (Ginger Paste) এবং একটা গোটা টম্যাটো বাটা (Tomato Paste)। এছাড়া এক চা চামচ হলুদগুঁড়ো (Turmeric Powder), স্বাদ মতো নুন, ৫-৬টি কাঁচালঙ্কা (Green Chilli) এবং আধ চা চামচ কসৌরি মেথি (Kasuri Methi) দরকার হবে। রান্নার জন্য ব্যবহার করতে হবে সর্ষের তেল (Mustard Oil)।
কীভাবে বানাবেন?
প্রথমে কড়াইয়ে তেল গরম করে নুন ও হলুদ মাখানো আলু এবং পটল হালকা করে ভেজে তুলে রাখতে হবে। এরপর নুন-হলুদ মাখানো মাছও হালকা করে ভেজে নিতে হবে।
তারপর কড়াইয়ে আবার তেল গরম করে মেথি দানা ফোড়ন দিতে হবে। মেথির গন্ধ বেরোতে শুরু করলে তার মধ্যে দিতে হবে মৌরি বাটা ও আদা বাটা। সামান্য নাড়াচাড়া করার পর টম্যাটো বাটা দিয়ে কষাতে হবে। এর মধ্যে নুন ও হলুদ দিয়ে মশলাটা ভাল করে কষিয়ে নিতে হবে।
মশলা কষে এলে ভেজে রাখা আলু ও পটল বা ঝিঙে দিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপর প্রয়োজনমতো গরম জল ঢেলে আঁচ কমিয়ে ফুটতে দিতে হবে। ঝোল ফুটতে শুরু করলে তার মধ্যে ভেজে রাখা মাছ এবং চেরা কাঁচালঙ্কা দিয়ে দিতে হবে। আরও প্রায় পাঁচ মিনিট ফুটিয়ে শেষে কসৌরি মেথি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
চাইলে এই ঝোল বড়ি (Lentil Dumpling) দিয়েও রান্না করা যায়, এতে স্বাদ আরও বাড়ে। গরম ভাতের সঙ্গে এই হালকা মাছের ঝোল খেতে দারুণ লাগে।