খাবারের দাম রাখা হয়েছে যথেষ্ট সাশ্রয়ী। মেনুর প্রতিটি পদ পাওয়া যাবে ১৮০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে।
.jpeg.webp)
ছবি- দ্য ওয়াল
শেষ আপডেট: 27 August 2025 17:33
দ্য ওয়াল ব্যুরো: শহরের খাদ্যরসিকদের জন্য বড় সুখবর। প্রিন্সটন ক্লাবে শুরু হয়েছে গ্রিক ফুড ফেস্টিভ্যাল। ২১ অগস্ট থেকে শুরু হওয়া এই উৎসব চলবে টানা এগারো দিন, অর্থাৎ ৩১ তারিখ পর্যন্ত। এই সময় ক্লাবের রেস্তরাঁয় দুপুর ও রাতের নিয়মিত মেনুর সঙ্গে পাওয়া যাবে বিশেষ গ্রিক খাবারদাবার। মেনুতে থাকছে নিরামিষ ও আমিষ- দুই ধরনের অপশনই।
ক্লাবের এক্সিকিউটিভ শেফ অভিজিৎ চক্রবর্তী এবং তাঁর টিম এই বিশেষ মেনু সাজিয়েছেন। তালিকায় রয়েছে গ্রিসের আঞ্চলিক নানা স্বাদ। শুরুতেই মিলবে ঐতিহ্যবাহী গ্রিক সবজির স্যুপ ‘হর্তোসুপা’। সঙ্গে থাকছে ‘চোরিয়াতিকি’- টমেটো, জলপাই এবং ফেটা চিজ দিয়ে তৈরি এক ক্লাসিক স্যালাড।
আরও থাকছে ‘হালুমি সুভলাকি উইথ তাহিনি ইয়োগার্ট ডিপ’- গ্রিকদের অন্যতম জনপ্রিয় পদ, যেখানে ম্যারিনেট করা মুরগি ও চিজ গ্রিল করে পরিবেশন করা হয় উষ্ণ ফ্ল্যাটব্রেড ও ক্রিমি জাতজিকি সসের সঙ্গে।
ভোজনরসিকদের জন্য মেনুতে থাকছে নিরামিষ ও আমিষ- দুই ধরনের গ্রিক মুসাকা। থাকছে ধীর-আঁচে রোস্ট করা ল্যাম্ব, সঙ্গে ‘স্প্যানাকোরিজো’- পালং শাক আর রাইস দিয়ে তৈরি স্বাস্থ্যকর ও সুস্বাদু গ্রিক পদ, যা লেবুর টক ঝাঝে ভরপুর। একই সঙ্গে মিলবে ঐতিহ্যবাহী ‘গ্রিক মুসাকা’- বেগুন ও আলুর স্তরের উপর মুরগির কিমা দিয়ে টমেটো সস এবং ওপরে সমৃদ্ধ বেচামেল সসের স্বাদ।
খাবারের শেষ পাতে থাকছে গ্রিক ডেজার্টও। সেমোলিনা ও বাদাম দিয়ে তৈরি গ্রিক হালুয়া, ‘তিরো ডিপস উইথ পিতা’-রুটির সঙ্গে পরিবেশিত ক্রিমি চিজ ডিপ এবং ‘তিরোপিতাকিয়া’- পাতলা পেস্ট্রির ভেতরে চিজ ভরা এক সুস্বাদু পদ।
প্রিন্সটন ক্লাবের ম্যানেজার-অপারেশনস সঞ্জয় কর্মকার জানালেন, প্রিন্সটন ক্লাব সর্বদা অতিথিদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করতে চায়। তাঁদের লক্ষ্য, সদস্য ও অতিথিদের বিশ্বের নানা দেশের বৈচিত্র্যময় খাবারের স্বাদ করানো। এই গ্রিক ফেস্টিভ্যাল সকলকে ভূমধ্যসাগরীয় আবহে নিয়ে যাবে বলে তাঁরা বিশ্বাস করেন।
খাবারের দাম রাখা হয়েছে যথেষ্ট সাশ্রয়ী। মেনুর প্রতিটি পদ পাওয়া যাবে ১৮০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে। দুই জনের জন্য পুরো খাবারের খরচ পড়বে আনুমানিক ১,৫০০ থেকে ২,০০০ টাকার মধ্যে।