বাঙালি খাবারের রেস্তোরাঁগুলি মূলত থালি এবং বুফে মেনুর উপর জোর দিচ্ছে, যার মূল্য ১৯৯ থেকে ১ হাজার ৩০০ টাকার মধ্যে। কিছু প্রিমিয়াম হোটেলে এই দামেরও উর্ধ্বে বুফে থাকছে।

ছবি- এআই নির্মিত
শেষ আপডেট: 29 September 2025 16:16
দ্য ওয়াল ব্যুরো: প্যান্ডেল হপিংয়ের সঙ্গে পুজোয় (DURGAPUJA 2025) খাওয়া-দাওয়া বাঙালির আলাদা আনন্দ। তবে ভিড় এড়িয়ে যারা বাড়িতে বসেই উৎসবের স্বাদ নিতে চান, তাঁদের জন্য সুখবর। শহরের অনেক জনপ্রিয় রেস্তরাঁ এবার পুজোর দিনগুলোতে রাত গভীর পর্যন্ত বিশেষ হোম ডেলিভারি (Online Food Service) চালু করছে।
সকালের চা থেকে গভীর রাতের কফি, সঙ্গে মোগলাই থেকে চাইনিজ়- সবকিছুই মিলবে এক ক্লিকে। এই পুজোয় রেস্তোরাঁগুলি এনেছে নানা অফার এবং থিম-ভিত্তিক সেট মেনু। ষষ্ঠী থেকে শুরু হচ্ছে থালি ও বুফে পরিষেবা, যা চলবে দশমী পর্যন্ত।
বাঙালি খাবারের (Bengali Dishes) রেস্তোরাঁগুলি মূলত থালি এবং বুফে মেনুর উপর জোর দিচ্ছে, যার মূল্য ১৯৯ থেকে ১ হাজার ৩০০ টাকার মধ্যে। কিছু প্রিমিয়াম হোটেলে এই দামেরও উর্ধ্বে বুফে থাকছে। অন্যদিকে, যেসব রেস্তোরাঁ সারাবছর কেবল কন্টিনেন্টাল বা ওরিয়েন্টাল খাবার দেয়, তারাও পুজোর ক’দিন বাঙালি পদ রাখছে মেনুতে।
গত বছরের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় পুজোর সময়ে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার খাবার বিক্রি হয়েছিল। সবচেয়ে বেশি অর্ডার এসেছিল বিরিয়ানির। মিষ্টির তালিকায় সবার আগে ছিল গুলাব জামুন, মাত্র কয়েক দিনে ৭৭ লক্ষ পিস বিক্রি হয়েছিল মাত্র একটি অ্যাপ থেকে।
তবে এ বারের চিন্তা বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, নবমী-দশমীতে ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় ডেলিভারিতে প্রভাব পড়তে পারে। ফলে রেস্তোরাঁ এবং অ্যাপ সংস্থাগুলি প্রস্তুত থাকলেও, আপাতত সকলে তাকিয়ে আছেন আকাশের দিকেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, অষ্টমীতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরেই নবমীতে বৃষ্টি বাড়তে পারে। এর প্রভাবে দশমীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৮ থেকে ১১ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিকে এবং উত্তর-পূর্ব ভারতকেও ভারী বৃষ্টির বিষয়ে সতর্ক করেছে তারা।