
ছবি সৌজন্যে- গুগল
শেষ আপডেট: 20 November 2024 22:54
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে ক্রমেই কমছে তাপমাত্রা। জাঁকিয়ে শীত পড়া সময়ের অপেক্ষা মাত্র। বরফ পড়তে শুরু করেছে কাশ্মীর, সিকিম-সহ দেশের বেশ কিছু জায়গায়। এই বরফেই ঘুরতে যাওয়ার প্ল্যান আছে শীতের ছুটিতে? কেমন জামা পরলে উঠবে পারফেক্ট ডিপি বা কোন রঙের জামায় পিকচার পারফেক্ট লুক পাওয়া যাবে? রইল টিপস।
নভেম্বর থেকে জানুয়ারি, এই ৩টে মাস বরফে গা ভাসানোর সময়। সাধারণত বছরের এই সময়ে এই সুযোগ কেউ মিস করতে চান না। বরফে যাওয়া মানেই দুর্দান্ত ছবি মাস্ট। কিন্তু দুর্দান্ত ছবি পেতে অনেকেই নাজেহাল হন। তার কারণ এক তাপমাত্রা, দুই বরফে ঠিক কোন জামা মানাবে তা বেছে নিতে না পারা।
বরফ সাদা, জামা কাপড় তাই যেকোনও রঙের হলেই খুলবে। এমন ধারণা অনেকের থাকে। মূলক জ্যাকেটের রং নিয়ে কাটাছেঁড়া করার প্রবণতা থাকে সকলের। কিন্তু শেষে গিয়ে দেখা যায় ছবি ভাল উঠল না। ঘোরার মজাটাই মন খারাপে বদলে যেতে পারে। এই সব সমস্যা এড়াতে আগে থেকেই প্ল্যান করা হোক ঠিক কী রঙের জ্যাকেট (বরফে জ্যাকেটই মানানসই) পরা হবে। সেই অনুযায়ী সিলেক্ট করা হোক বটম।
বরফে কী রঙের জ্যাকেট পরলে ঝকঝকে ছবি উঠতে পারে?
বরফের সময় কুয়াশা থাকে বেশিরভাগ জায়গাতে। ঝকঝকে রোদ পাওয়া ভাগ্যের ব্যাপার। এই পরিস্থিতিতে রং ঠিক না হলে ছবি ম্যারম্যারে লাগতে পারে। গাঢ় রং মানেই বরফে দারুণ মানাবে এমন নয়। যেকোনও গাঢ় রং পরে নিলেই চলবে না। এক্ষেত্রে জ্যাকেটের রং বেছে নিতে হবে বটম বা প্যান্টের রঙের ওপর নির্ভর করে। যেকোনও ফ্লোরোসেন্ট কালার, নিওন কালার পরলে কিন্তু বরফে অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ডে দারুণ ছবি উঠবে।
যদি কেউ কালো রঙের প্যান্ট পরেন, জ্যাকেট ফ্লোরোসেন্ট গ্রিন, ফ্লোরোসেন্ট পিঙ্ক রঙের পরতে পারেন। সঙ্গে জুতো সাদা পরলে দারুণ মানাবে।
এছাড়া লাল, কমলা, বেগুনী, পার্পল, ম্যাজেন্ডা, আকাশী, হলুদ, সবুজ, গোলাপী রং-ও ভাল খুলবে। ডিপ রঙের জ্যাকেট হলে অবশ্যই হালকা কোনও শেডের বটম পরতে হবে। এর সঙ্গে স্কার্ফ বা টুপি আবার হালকা রঙের পরতে হবে। খুব গাঢ় রং যদি জ্যাকেটের হয়, সেক্ষেত্রে হালকা রঙের টুপি বা স্কার্ফ বেছে নিতে হবে।
কত তাপমাত্রায় ডেস্টিনেশন তা দেখে জ্যাকেট বেছে নিতে হবে। বাজারে তাপমাত্রা উল্লেখ করে জ্যাকেট পাওয়া যায়। যদি কেউ বরফে জ্যাকেট খোলা রাখতে পারেন তাহলে ভিতরের জামার রঙের সঙ্গে (যতটুকু অংশ দেখা যাবে) জ্যাকেটের রং যেন মানানসই লাগে, তা নিশ্চিত করবেন। ভিতরে লাল রঙের টিশার্ট বা কটসউল পরে বাইরে যদি হালকা রঙের জ্যাকেটও পরা যায়, তাহলেও কিন্তু ছবিতে উজ্জ্বল দেখাবে।