
শেষ আপডেট: 7 June 2023 10:32
ইদানীং গরমকালের ফ্যাশনের বাঁকবদল ঘটেছে অনেকটাই। এখন গরমের ফ্যাশন মানে হালকা রঙ আর আরামদায়ক কাপড় (Summer friendly kurti collection)। আরামদায়ক তো অনেক কিছুই হতে পারে কিন্তু কোনটা আপনার জন্য স্বস্তিদায়ক? কী ধরনের জিনিস পরবেন এবং সবথেকে বড় কথা কোথায় পাবেন, তারই খোঁজে দ্য ওয়াল এক বিকেলবেলা পৌঁছে গেল দক্ষিণাপণ শপিং কমপ্লেক্সে।
এখন কিন্তু ফ্যাশানেবেল ট্রেন্ডি কটন কুর্তি গরমের বাজার দখল করে নিয়েছে। চারিদিকে তাকালেই দেখা যায় বিভিন্ন রকমের, বিভিন্ন কাপড়ের, বিভিন্ন কাজের কুর্তি। বিয়েবাড়ি থেকে অফিস, বন্ধুদের সঙ্গে একটু আড্ডা থেকে ডেট সবেতেই বাজার কাঁপাচ্ছে নান্দনিক কুর্তি। চলুন জেনে নেওয়া যাক আপনার সাধ্যের মধ্যে কী ধরনের কুর্তি কোথায় পাবেন।
আজরাখ প্রিন্টের কুর্তি
গুজরাতি এই প্রিন্টের চাহিদা কলকাতাতে বেড়েই চলেছে। প্রাকৃতিক রঙ দিয়ে বানানো হয় এই ধরনের কুর্তি আর গরমে এই আজরাখ প্রিন্টের কুর্তি খুবই আরামদায়ক। দক্ষিণাপণের খাদি সিল্ক এম্পোরিয়াম এবং রাইতে আপনি পেয়ে যাবেন এই প্রিন্টের নানা ধরনের কুর্তি। দাম শুরু প্রায় ১০০০ টাকা থেকে।


প্যাচওয়ার্ক করা কুর্তি
রোজকার যাতায়াতের জন্য সবথেকে ভাল এই ধরনের কুর্তি। একদম নরম সুতির কাপড়ের উপর একটুখানি প্যাচওয়ার্ক করা এই কুর্তি যেমন দেখতেও সুন্দর তেমন পরেও আরাম। এই ধরনের কুর্তিগুলো একটু উজ্জ্বল রঙের হয় যাতে কুর্তির উপরে করা সুতোর কাজ বা আঁকার কাজ আরও ভালভাবে ফুটে ওঠে। পেয়ে যাবেন দক্ষিণাপণে।


বাগরু প্রিন্টের কুর্তি
রাজস্থানে উৎপত্তি এই প্রিন্ট রাজস্থানের নিজস্ব বৈশিষ্ট্য। কুর্তির কাপড় কলকাতা থেকে রাজস্থানে যায় শুধু এই প্রিন্টের জন্য। অনেকটা আজরাখ প্রিন্টের মতো দেখতে হলেও এর মেকিং কিন্তু সম্পূর্ণই আলাদা। এটিও প্রাকৃতিক রঙের মাধ্যমেই বানানো হয়।


ব্লক প্রিন্টের কুর্তি
ব্লক প্যাটার্নে কারুকাজ করা এই ধরনের কুর্তির প্রধান আকর্ষণ কাপড়ের রং। হালকা নীল রঙের উপর গাঢ় নীল দিয়ে বিভিন্ন রকমের ব্লক প্রিন্ট করা হয় এই ধরনের কুর্তিগুলোতে। দাম ৬০০ টাকা থেকে শুরু।


কাঁথা স্টিচ কাজের কুর্তি
সুতির কাপড়ের উপর কাঁথা স্টিচের কাজ করা কুর্তি খুবই জনপ্রিয়। সুতোর সুক্ষ্ম কাজ আর জমকালো রঙ গরমে আপনাকে আরও কেতাদুরস্ত করে তুলবে।


ইক্কতের কুর্তি
ইক্কতের উপর বিভিন্ন আকারের নকশার আধিক্য থাকে এই ধরনের কুর্তিতে। পেয়ে যেতে পারেন রাইতে আপনার সাধ্যের মধ্যেই। স্লিভলেস অথবা স্লিভ দেওয়া সব ধরনের কুর্তি কিন্তু এখনকার ফ্যাশনে ইন।


দাবদাহ ক্রমশ বেড়েই চলেছে। আপনার পোশাক পারে এই তীব্র গরমে আপনাকে কিছুটা আরাম দিতে। তাই আর দেরি না করে চলে যান দক্ষিণাপণে আপনার পছন্দের ‘সামার ফ্রেন্ডলি’ কুর্তি বেছে নিতে।
ভারতীয় জাদুঘরে এই প্রথম ফ্যাশন শো, শ্রদ্ধা জানানো হল দেশের স্বাধীনতা সংগ্রামীদের