ছোটবেলা থেকে চোখে ভেসে আসা ঠাকুরঘরে ঠাকুমা, কাকিমাদের শাড়ির রং থেকে শুরু করে আজকের নায়িকাদের ইনস্টাগ্রাম পোস্ট—সবখানেই লাল শাড়ি (Red Saree) অনিবার্য। এবার সেই লাল শাড়িই যেন নতুন করে জায়গা করে নিচ্ছে ট্রেন্ড চার্টে।

শুভশ্রী ও শোভিতা।
শেষ আপডেট: 30 September 2025 09:23
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকে মহম্মদ আজিজের একটা পুজো অ্যালবাম খুব জনপ্রিয় হয়েছিল। সেই অ্যালবামের গানগুলির মধ্যে সবচেয়ে হিট ছিল ‘লাল শাড়ি’ গানটি। গানের কথা ছিল এরকম—“লাল শাড়ি লাল টিপ শ্রীমতি যে যায়/যেতে যেতে বারে বারে পিছনে তাকায়। চোখে চোখে ইশারাতে কী যে বলে যায়/সাদাসিধে ভাল ছেলে বুঝি না তো হায়!”
প্রায় তিন দশক পর দুর্গা পুজোর ঠিক ঠিক আগে ফের হিট লাল শাড়ি পরা দুই শ্রীমতীর ছবি। দুজনেই টলি ক্যুইন। এক টলিউড দক্ষিণের মানের তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির। দ্বিতীয়টি অবশ্যই টালিগঞ্জ। টলিউডের এই দুই অভিনেত্রী হলেন, টলিউডের শুভশ্রী গাঙ্গুলি আর দক্ষিণী তারকা শোভিতা ধূলিপালা। তাঁদের লাল শাড়ি পরা ছবিই কৌতূহল তৈরি করে দিয়েছে, তবে কি এই দেবীপক্ষে এটাই ট্রেন্ড?
পুজো মানে তো শুধুই ভক্তি নয়, সঙ্গে থাকে পোশাকের আভিজাত্যও। প্যান্ডেলে প্যান্ডেলে যে উৎসবের ঢেউ ওঠে, তার সঙ্গে তাল মিলিয়েই তৈরি হয় ফ্যাশনের আলাপচারিতা। আর সে পুজো যদি দিতে যান সেলেব্রিটিরা, তাহলে তো সেই পোশাকের দিকেই নজর থাকে সবার। সেভাবেই এ বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে লাল শাড়ি জরি পাড়।
দিন কয়েক আগেই, ধূমকেতু সিনেমা মুক্তির আগে নৈহাটির বড়মা মন্দিরে দেবের সঙ্গে পুজো দিতে হাজির হয়েছিলেন নায়িকা শুভশ্রী। ভিড়ের ভিতরে চোখ টেনেছিল তাঁর লাল সিল্কের জরিপাড় শাড়ি। পাশে দেবও পরেছিলেন লাল রঙা পাঞ্জাবি। পাশাপাশি বসে ভক্তিভরে পুজো, আবার ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা— সব কিছুর মাঝেই শুভশ্রীর শাড়ির ঝলক যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল। এ দৃশ্য যে শুধু ভক্তদের নয়, ফ্যাশনপ্রেমী মহলেরও নজর কেড়েছে, তাতে সন্দেহ নেই।

আবার গতকাল অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি মন্দিরে বিশেষ দর্শনে হাজির হয়েছেন নাগা চৈতন্য এবং তাঁর স্ত্রী শোভিতা ধূলিপালা। চৈতন্য সাদা সিল্কের ধুতি-পাঞ্জাবিতে সেজেছিলেন, আর শোভিতা বেছে নিয়েছিলেন সেই উজ্জ্বল লাল সিল্ক শাড়ি। সেই সোনালি জরির কাজ করা। এমন শাড়িতে শোভিতা যেন ঐতিহ্য আর আধুনিকতার অনন্য মিশ্রণ হয়ে উঠেছিলেন। মন্দিরে প্রবেশের সময় থেকে শুরু করে বিশেষ পূজার মুহূর্ত— সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো প্রতিটি ভিডিওতেই তাঁর শাড়ির আবেদন স্পষ্ট।

এখন প্রশ্ন উঠছে, দু’জনার এই ফ্যাশন পছন্দ কি নিছক কাকতালীয়, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে আসন্ন উৎসবের ট্রেন্ডের ইঙ্গিত?
ফ্যাশন বিশেষজ্ঞরা বলছেন, লাল শাড়ি বরাবরই বাঙালি মেয়েদের কাছে পুজোর অঙ্গ। শাড়ির ভাঁজে ভাঁজে যেমন আছে ঐতিহ্যের গল্প, তেমনই আছে শক্তি ও গৌরবের ছাপ। বিশেষত লাল জরিপাড় শাড়ি মানেই একদিকে মায়ের পূজো, অন্যদিকে গ্ল্যামারের ছোঁয়া। ছোটবেলা থেকে চোখে ভেসে আসা ঠাকুরঘরে ঠাকুমা, কাকিমাদের শাড়ির রং থেকে শুরু করে আজকের নায়িকাদের ইনস্টাগ্রাম পোস্ট—সবখানেই লাল শাড়ি অনিবার্য। আর সেলেবদের পছন্দ তো ফ্যাশনের বাজারে ঢেউ তুলবেই। তাই এবার সেই লাল শাড়িই যেন নতুন করে জায়গা করে নিচ্ছে ট্রেন্ড চার্টে।
তাই সব মিলিয়ে অনেকেই মনে করছেন, আসন্ন পুজোর ফ্যাশনে গাঢ় লালের সঙ্গে সোনালি বা জরির সংমিশ্রণই হবে মূল আকর্ষণ। সঙ্গে একজোড়া সোনার ঝুমকো বা ছোট্ট লাল টিপই যথেষ্ট। এই শাড়ি অষ্টমীর সকাল থেকে দশমীর সিঁদুর খেলায় নিখুঁত মানিয়ে যাবে।
আসলে ফ্যাশনের দুনিয়ায় অনেক কিছুই ঘুরেফিরে আসে। কখনও ব্লাউজে নতুন কাট, কখনও প্রিন্টে আধুনিক ছোঁয়া। তবে শাড়ির রঙের খেলায় লালই যেন চিরকালীন জয়ী। শুভশ্রী থেকে শোভিতা— দু’জনের সাম্প্রতিক উপস্থিতি যেন আরও একবার মনে করিয়ে দিল, এই রং কখনও পুরনো হয় না, বরং প্রতিটি প্রজন্মেই নতুন করে সংজ্ঞা পায়। তার উপর নায়িকাদের পছন্দের প্রভাব পড়ে সাধারণের মধ্যেও। তাই পুজোর শপিং লিস্টে এবার লাল জরিপাড় শাড়ি ফের জায়গা করে নেবেই।
সব মিলিয়ে, অষ্টমীর সকালে পাড়ার প্যান্ডেলে, বড় ঠাকুরের সামনে, কিংবা বন্ধুদের সঙ্গে পুজো ভ্রমণে, মহিলাদের প্রধান পছন্দ হতে চলেছে এই লাল জরিপাড় শাড়ি। শুভশ্রী থেকে শোভিতা— দু’জনার রূপে যে মিল পাওয়া গেল, তাতে ফ্যাশন জগৎ কিন্তু ইতিমধ্যেই ফিসফাস করছে, এই পুজোয় লাল-ই ইন!