দ্য ওয়াল ব্যুরো: রাজকুমারী ডায়ানা—এই নামটা নিজেই যেন একটা ইতিহাস। ডায়ানার রূপ, সৌন্দর্য এবং স্টাইল স্টেটমেন্টের চর্চা যুগ যুগ ধরে চলে আসছে। সেই সঙ্গে রয়ে গেছে রহস্য। বরাবরের বেপরোয়া ডায়ানা বিখ্যাতই ছিলেন তাঁর স্বতন্ত্র চিন্তাধারার জন্য। আর সে চিন্তাকে তিনি সম্মান দিয়েছেন পোশাক থেকে প্রেম—সবেতেই। কখনও কারও সমালোচনা, কটাক্ষের তোয়াক্কা করেননি তিনি। বলাই বাহুল্য, এ নিয়ে বিস্তর জল্পনা-জলঘোলা হলেও, তাঁর এই মুক্ত ও স্বাধীন চিন্তা বহু মেয়ের জীবনকে পাল্টে দিতে সাহায্য করেছে।
পোশাক-আশাকের দিক থেকে প্রায় সময়েই রাজপরিবারের নিয়মকে অগ্রাহ্য করতেন ডায়ানা। তাঁর মনের খুশি এবং ইচ্ছেই প্রাধান্য পেত। যে সময়ে রাজপরিবারের সদস্যাকে গাউন ছাড়া দেখা যাওয়ার কথা ভাবা যেত না, তখনই ডায়ানা সামনে আসতেন স্কার্টে, ট্রাউজার্সে, জ্যাকেটে। মনোমুগ্ধকর হাসি, ঝাঁকড়া ছোট চুল আর ধারালো মুখের আত্মবিশ্বাসে ফিকে হয়ে যেত সব রাজকীয় নিয়মকানুন। এ নিয়ে তাঁকে বহু কথা শুনতে হলেও, তিনি কিন্তু একইসঙ্গে পেয়েছেন অনেকের সহযোগিতা, ভালবাসা এবং সম্মান।

১৯৮০ সালে এমনই এক ঘটনা ঘটে। 'প্রিন্সেস অফ্ ওয়েলস্' ডায়ানা সকলের সামনে আসনে ভেড়ার লোম দিয়ে তৈরি লাল রঙের একটি জাম্পার পরে। নেহাত সাধারণ, মজাদার দেখতে সে পোশাক কলেজ-পড়ুয়ার গায়ে মানায়। তাই বলে রাজকুমারী পরবেন এমনটা! এই পোশাকের চর্চা সেই সময় ব্যাপক ভাবে সাড়া ফেলে দিয়েছিল। এর পরে বহু ঘটনা ঘটেছে, ডায়ানা মারা গিয়েছেন দুর্ঘটনায়। রাজপরিবারের একটা অধ্যায় শেষ হয়েছে।

কিন্তু এখন, কয়েক দশক পরে, ২০২০ সালে আবার ফিরে এসেছে ডায়ানার সেই লাল জাম্পার পোশাক। আমেরিকার ব্র্যান্ডের মালিক রাওনিং ব্লেজার তাঁদের ২০২০-র শীত-সম্ভারে নিয়ে আসছেন এই জাম্পারকে, নতুন ভাবে। ব্লেজার বলেন, "২০২০-র শীত কালেকশনে আসছে ডায়ানার জাম্পার। ৮০-র ডিভা, এবং সে যুগের সেরা সুন্দরী রাজকুমারী ডায়ানাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে আমাদের এই উদ্যোগ। এই ‘রাজকীয়’ পোশাক পরে মেয়েরা যেমন ডায়ানার স্মৃতি উপভোগ করতে পারবেন, তেমনই আনন্দও পাবেন।"

স্কারলেট জাম্পার নামের এই পোশাক আসলে গলাবন্ধ সোয়েটারের মতোই। এটি সাদা এবং কালো ভেড়ার লোম দিয়ে তৈরি। এই পোশাকে ডায়ানা বহু অনুষ্ঠানে গিয়েছেন। এমনকি প্রিন্স অফ্ ওয়েলসের সঙ্গে তিনি ১৯৮৩ সালে বেড়াতেও গিয়েছিলেন এই স্কারলেট জাম্পার পরেই! ডায়ানার সেই আসল সোয়েটার এখনও মিউজিয়ামে রাখা রয়েছে।

ডিজাইনার জোননা অসবর্নে এবং স্যালি ম্যুর একসঙ্গে কাজ করেছেন এই বিখ্যাত জাম্পারকে আবার বাজারে নিয়ে আসার জন্যে। তাঁরা জানান, "উজ্জ্বল লাল রঙের ওপর ভেড়ার প্রিন্টের জাম্পার এবং প্রিন্সেস অফ ওয়েলস ডায়ানা—এই দুই অবিচ্ছিন্ন ভাবে জড়িয়ে। ডায়ানা যখন এই পোশাকে সামনে আসেন, তখন তা ভীষণই সাড়া ফেলেছিল। সেই ফ্যাশন স্টেটমেন্টকেই ফিরিয়ে আনছি আমরা।"

তাঁরা জানিয়েছেন আগে থেকে অর্ডার দেওয়া হলে তবেই মিলবে পোশাকটি। সেই সঙ্গে এই জাম্পারের বাজারদরও অনেকটাই চড়া। সে কৌতূহল অবশ্য মিটিয়েছে সংস্থা। জানা গেছে, ভারতীয় মুদ্রায় রাজকীয় এই জাম্পারের মূল্য হবে সাড়ে ২১ হাজার টাকা!